কলকাতা চলচ্চিত্র উত্সবে 'অজ্ঞাতনামা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে আয়োজক ও অতিথিরা। ছবি: ভাস্কর মুখার্জি
সংবাদ সম্মেলনে আয়োজক ও অতিথিরা। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব এবার ২২ বছরে পা দিল। এবারের উত্সবে যোগ দিচ্ছে ৬৫টি দেশের ১৫৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। যোগ দিচ্ছে বাংলাদেশের একটি চলচ্চিত্রও, নাম ‘অজ্ঞাতনামা’, উৎসব ওয়েবসাইটে যার নাম ‘দ্য আনলিমিটেড’, পরিচালক তৌকির আহমেদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে এক সাংবাদিক সম্মেলনে চলচ্চিত্র উত্সবের নির্ঘণ্ট ঘোষণা করেন উত্সব কমিটির চেয়ারম্যান চিত্র পরিচালক গৌতম ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী, সংস্কৃতি সচিব অত্রি ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিত্বরা। সেখানে জানানো হয়, আগামী ১১ নভেম্বর এ উৎসবের উদ্বোধন করবেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও থাকবেন বলিউড তারকা জয়া বচ্চন, সঞ্জয় দত্ত, কাজল প্রমুখ। ১১ নভেম্বর বিকেলে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই চলচ্চিত্র উত্সবের উদ্বোধন হবে। তবে এবার উপস্থিত থাকতে পারছেন না বলিউড তারকা শাহরুখ খান। এই চলচ্চিত্র উত্সব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। কলকাতার ১৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে উৎসবের ছবিগুলো।
গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিল বাংলাদেশের দুটি চলচ্চিত্র। এর মধ্যে একটি শিশুতোষ চলচ্চিত্র। এই চলচ্চিত্র দুটি হলো মনসুর আলী পরিচালিত ‘সংগ্রাম’ ও ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সুমন ধরের ছবি ‘অমি ও আইসক্রিম অ’লা’।
এবারের চলচ্চিত্র উত্সবের নতুন আকর্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শন করা হবে কলকাতার তৈরি একটি বাংলা ছবি। তবে সাংবাদিক সম্মেলনে ছবিটির নাম জানানো হয়নি। সাংবাদিক সম্মেলনে ২২তম চলচ্চিত্র উত্সবের লোগো উদ্বোধন করা হয়।