কলকাতা চলচ্চিত্র উৎসব
কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ পর্দা পড়ল ১৭ নভেম্বর। ১৮তম এই চলচ্চিত্র উৎসবের সূচনা হয়েছিল ১০ নভেম্বর। কলকাতার এই চলচ্চিত্র উৎসব এবারও বাংলাদেশের চলচ্চিত্রকে নতুন মাত্রা দিয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র দেখে মুগ্ধ কলকাতার দর্শকেরা। বাংলাদেশের চলচ্চিত্রকে বাহবা দিয়েছেন কলকাতার চলচ্চিত্রপ্রেমীরা। যদিও জাতীয় পর্যায়ে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয় গোয়ায়, তবুও কলকাতার দর্শকেরা মনে করেন, গোয়ার উৎসবে এত প্রাণ থাকে না। এত জাঁকজমকও থাকে না। তাই তাঁরা মনে করেন, কলকাতার উৎসবই ভারতের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র উৎসব।কলকাতার আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবে একই সময় আরও একটি চলচ্চিত্র উৎসব পাশাপাশি অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেই উৎসবের আয়োজক সিনে সেন্ট্রাল। প্রতিবছরই পাশাপাশি দুটি চলচ্চিত্র উৎসবের জন্য নতুন প্রাণ পায় কলকাতা। চলচ্চিত্রপ্রেমীরাও সুযোগ পান প্রচুর বিদেশি ছবি দেখার। আর এ সময় বিশ্ব যেন এসে দাঁড়ায় কলকাতায়। সেই ঐতিহ্যবাহী উৎসবের যবনিকা হয়ে গেল ১৭ নভেম্বর কলকাতার ১৩টি প্রেক্ষাগৃহে।কলকাতার এ উৎসব এবার পা দিল ১৮ বছরে আর সিনে সেন্ট্রালের উৎসব পা দিল ২৬ বছরে। সব মিলিয়ে এই দুই উৎসবকে ঘিরে কলকাতায় সৃষ্টি হয়েছিল নতুন এক উন্মাদনা; সংস্কৃতি অঙ্গন হয়ে উঠেছিল জমজমাট। উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন চলচ্চিত্রপ্রেমীরা ভিড় জমাতেন নন্দন চত্বরে। এখানে এসেছিলেন চলচ্চিত্রের দেশি-বিদেশি তারকারাও। মোট কথা, এই উৎসবকে ঘিরে কলকাতার নন্দন চত্বর হয়ে উঠেছিল তারকা ও দর্শকদের মিলন ক্ষেত্র।মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর গত বছর উৎসব উদ্বোধন হয় নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এবার একইভাবে এই উৎসবের উদ্বোধন হয় নেতাজি ইনডোরেই। উদ্বোধন করেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। সঙ্গে ছিলেন আরও দুই তারকা শাহরুখ খান ও মিঠুন চক্রবর্তী।এই প্রথম কলকাতার কোনো মঞ্চে একসঙ্গে দেখা গেল বলিউডের এই তিন খ্যাতিমান তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও মিঠুন চক্রবর্তীকে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ, অনুশকা শর্মা, প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু, বাপ্পি লাহিড়ীসহ বলিউড ও টালিউডের একঝাঁক তারকা ও কলকাতার বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরহিত্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে অমিতাভ বচ্চন বলেন, ‘কলকাতা আমার প্রিয় শহর। এই শহরের উষ্ণতা আমি পৃথিবীর কোথাও পাই না। আমার কর্মজীবন শুরু এই কলকাতা শহর থেকেই। অভিনয়জীবন শুরুও কলকাতা থেকে। এই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পেরে আমি ধন্য।’এবারের চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিল বিশ্বের ৬০টি দেশের ১২০ জন পরিচালকের ১৮০টি ছবি। আর এই উৎসবের অঙ্গ সিনে সেন্ট্রাল আয়োজিত উৎসবে যোগ দিয়েছে বিশ্বের ২৬টি দেশের ৭৪টি ছবি। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে কলকাতা উৎসবে দেখানো হয় ইরানের পরিচালক আসগর ফরিদির ছবি নাদের অ্যান্ড সিমিন-অ্যা সেপারেশন।এবারের এই চলচ্চিত্র উৎসব এবং এই উৎসবের অঙ্গ সিনে সেন্ট্রাল আয়োজিত উৎসবে বাংলাদেশের ছয়টি ছবি যোগ দিয়েছিল। এর মধ্যে দুটি প্রামাণ্যচিত্র। তানভীর মোকাম্মেলের জাপানি বধূ ও অয়ি যমুনা। বাকি চারটি ছবি হলো: শাহনেওয়াজ কাকলির উত্তরের সুর, সৈয়দ অহিদুজ্জমানের অন্তর্ধান এবং সিনে সেন্ট্রাল আয়োজিত উৎসবে যোগ দিয়েছে হুুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা ও মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ।বাংলাদেশের চারটি ছবিই দারুণ প্রশংসা কুড়ায় কলকাতার এই দুই উৎসবে। ছবি দেখে দর্শকেরা বলেছেন, সত্যিই বাংলাদেশের এসব ছবি প্রশংসার দাবিদার। যেমন ছবি, তেমন কাহিনি। ভালো লাগার ছবি। এক দর্শক তো বলেই ফেলেন, ‘বাংলাদেশ এত উন্নত মানের ছবি তৈরি করতে পারে, তা আমার জানা ছিল না। ভাবতাম, কলকাতাই শ্রেষ্ঠ বাংলা ছবি তৈরির কারখানা। তাই তো এখন আমি চাইছি, দুই বাংলা মিলে যৌথভাবে বাংলা ছবি তৈরি করুক। এতে আরও উন্নত হবে আমাদের বাংলা ছবি। উন্নত হবে বাংলা ছবির মান। বিস্তৃত হবে বাংলা ছবির বাজার। তাই আমরা চাইছি, দুই বাংলার সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে যৌথভাবে তৈরি করুক বাংলা ছবি।’আরেক দর্শক বলেন, বাংলাদেশের ছবি দারুণ, হিট হওয়ার মতো। অন্যদিকে পরিচালক সৈয়দ অহিদুজ্জামান প্রথম আলোকে বলেছেন, ‘আমাদের দুই দেশের সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করার জন্য বেশি বেশি বাংলা ছবি তৈরি করতে হবে।’ তিনি যৌথভাবে ছবি তৈরি করার ওপর জোর দিয়ে বলেন, ‘এতে করে আমাদের দুই দেশের সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় হবে।’