কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান হলেন পরিচালক গৌতম ঘোষ

দুই বছরের জন্য কলকাতার ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান হলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। এর আগে এই পদে ছিলেন বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিক। কো-চেয়ারম্যান হয়েছেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। গতকাল শুক্রবার রাজ্য সচিবালয় নবান্নে এ কথা বলেছেন সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব অত্রি ভট্টাচার্য।
২২ সদস্যের কমিটিতে আরও রয়েছেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, চিত্র পরিচালক সন্দীপ রায়, অভিনেতা ও সাংসদ দেব, পরিচালক প্রভাত রায়, পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা যিশু সেনগুপ্ত, অভিনেতা ও বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী, অভিনেতা সোহম চক্রবর্তী, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ। কমিটি ঘোষণার পর গৌতম ঘোষ সাংবাদিকদের বলেছেন, এবার চলচ্চিত্র উৎসবে একটি শর্ট ফিল্মের প্রতিযোগিতা হবে। কলকাতা ও শহরতলির পাড়ায় পাড়ায় এই উৎসবের ছবি দেখানো হবে।
আগামী নভেম্বরে প্রতিবছরের মতো এবারও এই উৎসব হবে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে। এই উৎসবের উদ্বোধন প্রথম থেকে নন্দনে হলেও ২০১১ সালে মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় আসার পর উদ্বোধন স্থল নন্দনের পরিবর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়।