কলকাতা চলচ্চিত্র উৎসবে সম্মানিত হচ্ছেন বাংলার পাঁচ কন্যা

এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর থেকে বিশেষ সম্মাননা পাচ্ছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের সফল পাঁচ তারকা অভিনেত্রী। উত্সবের শেষ দিন ১৭ নভেম্বর মৌসুমি চট্টোপাধ্যায়, সুস্মিতা সেন, রানি মুখার্জি, বিপাশা বাসু ও কঙ্কণা সেন শর্মাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ এ সম্মাননা দেওয়া হবে।
১৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে ১০ নভেম্বর। উৎসবটি শেষ হবে ১৭ নভেম্বর। ওই দিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত গালা অনুষ্ঠান থেকে বিশেষ এ সম্মাননা পাচ্ছেন মৌসুমি, সুস্মিতা, রানি, বিপাশা ও কঙ্কণা। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।

এ প্রসঙ্গে উৎসবের পরিচালক যাদব মণ্ডল জানিয়েছেন, ‘বলিউডের মাধ্যমে জাতীয় পর্যায়ে সাফল্য পাওয়া বাংলার পাঁচ কন্যাকে পুরস্কৃত করার ভাবনা থেকেই বিশেষ এ সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে মৌসুমি, সুস্মিতা ও বিপাশা পুরস্কার নিতে হাজির হবেন বলে নিশ্চিত করেছেন। আমরা আশা করছি, শিগগির রানি এবং কঙ্কণাও তাঁদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করবেন।’
এদিকে, নেতাজী ইনডোর স্টেডিয়ামে কলকাতা চলচ্চিত্র উৎসবের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ১০ নভেম্বর। তারা ঝলমলে এ অনুষ্ঠানে হাজির থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী ও কমল হাসানের মতো বলিউডের রথী-মহারথীরা।
উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে গুণী নির্মাতা প্রয়াত ঋতুপর্ণ ঘোষের ‘সানগ্লাস’ ছবির হিন্দি সংস্করণ ‘তাকঝাঁক’। ঋতুপর্ণ ঘোষ মৃত্যুবরণ করেছেন গত ৩০ মে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিচালিত ‘উনিশে এপ্রিল’, ‘দহন’, ‘দ্য লাস্ট লিয়ার’, ‘চিত্রাঙ্গদা’সহ আটটি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবারের উৎসবে। আট দিনব্যাপী এ উৎসবে সবমিলিয়ে ৬৩টি দেশের ১৮৯টি ছবি দেখানো হবে।