কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘কন্যা’ ৭১
১৯৭১-এর ২৫ মার্চ রাতের ভয়াবহতায় ভীতসন্ত্রস্ত মানুষজন ঢাকা ছেড়ে পালিয়ে যেতে থাকে। অনেক যৌনকর্মীও পালিয়ে যায় ঢাকা থেকে। তাদেরই দুজন রঙ্গিলা ও তাপসী পালিয়ে গিয়ে আশ্রয় নেয় শিমুলতলী গ্রামে। এই খবর চলে যায় পাকিস্তানি সেনা ক্যাম্পে। এর পর থেকে সেনারা আসা শুরু করে রঙ্গিলাদের কাছে। সেই সুযোগ হাতছাড়া করে না রঙ্গিলারা। পাশের গ্রামের কিছু ছেলে মুক্তিযুদ্ধের দল গঠন করে, কিন্তু তাদের অস্ত্র ছিল না। রঙ্গিলা ও তাপসী তাদের সঙ্গে যোগাযোগ করে দুজন পাকিস্তানি সেনাকে অস্ত্রসহ তুলে দেয় মুক্তিযোদ্ধাদের হাতে। তারা আশ্রয় দেয় আহত মুক্তিযোদ্ধাদের। এভাবেই এগিয়ে চলে গল্প। একসময় ধরা পড়ে তারা। রঙ্গিলা-তাপসীকে ক্যাম্পে আনা হয় এবং মুক্তিযোদ্ধাদের চিনিয়ে দিতে বলা হয়। কিন্তু স্বাধীনতাকামী এই যৌনকর্মীরা ‘এদের মধ্যে কেউ মুক্তিযোদ্ধা নেই’ বলে জানায়।২১ মিনিটের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন নাদেজদা ফারজানা। কাহিনিটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে রচিত এবং এই চলচ্চিত্র মুক্তিযুদ্ধে আত্মদানকারী ও সহায়তাকারী সব যৌনকর্মীর প্রতি উৎসর্গ করা হয়েছে। আগামী ১০ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠেয় কলকাতা চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি দেখানো হবে। বিজ্ঞপ্তি।