কলকাতা চলচ্চিত্র উৎসব শেষ হলো

কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হলো শনিবার সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে এক সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর, টাবুসহ দেশ-বিদেশের তারকা অতিথিরা।
গত ১৪ নভেম্বর এই উৎসবের উদ্বোধন করেছিলেন বলিউডের তারকা অমিতাভ বচ্চন। এবারে নারী নির্মাতার ছবি হিসেবে সেরা ছবির সম্মান পেয়েছে হাঙ্গেরির ছবি ’দ্য ওয়েডনেস ডে চাইল্ড’। ছবিটির নির্মাতা লিলি হোরভাতের। এ উৎসবের সেরা ছবির সম্মাননা হচ্ছে ৫১ লাখ রুপি ও স্মারক।
সেরা পরিচালকের সম্মাননা তুলে দেওয়া হয় কলম্বিয়ার পরিচালক লিবিয়া স্টেলা গোমেজকে। ছবির নাম ‘এলা’। এ ছবির পরিচালককে দেওয়া হয় ২১ লাখ রুপি ও স্মারক।
কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মাননা পেয়েছে ইয়েমেনের মহিলা পরিচালক খাদিজা আল সালামির ছবি ’আই অ্যাম নুজুম, এজ টেন অ্যান্ড ডিভোর্সড’। এ ছাড়া, এশিয়ার সেরা ছবি হিসেবে নেটপ্যাক পুরস্কার পায় কোহকি হাসেই পরিচালিত জাপান, ফিলিপাইনসও ইটালির যৌথ ছবি ‘বেলাংকা’। মণিপুরের পরিচালক হাওবাম পবন কুমারের ’ফুম সাঙ’ পেয়েছে সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির সম্মাননা। আর সেরা তথ্যচিত্রের সম্মাননা পেয়েছে কন্নড় পরিচালক গিরিশ কুমারের ’রান্ডু কুরিপ্পুকাল’ ছবিটি।
সমাপ্তি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের তিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন। এবারের এই ২১তম চলচ্চিত্র উৎসবে ৬১ দেশের ১৪৯টি ছবি অংশগ্রহণ করেছিল। বাংলাদেশ থেকে এসেছিল দুটি ছবি ‘৭১-এর সংগ্রাম’ ও ‘‘অমি ও আইসক্রিমঅ’লা’’।