জয়িতার মা মিতা হক আর বাবা খালেদ খান। মা রবীন্দ্রসংগীতের শিল্পী, বাবা অভিনয়শিল্পী। আজ জয়িতার অ্যালবাম বেরিয়েছে, রবীন্দ্রসংগীতের। নাম বাঁধন ছেঁড়ার গান। প্রকাশ করেছে কলকাতার ভাবনা রেকর্ডস। কথা হলো জয়িতার সঙ্গে।‘বাঁধন ছেঁড়ার গান’ অ্যালবামে কী ধরনের গান গেয়েছেন?বাঁধন ছেঁড়ার গান—এই ভাবনার সঙ্গে মিলে যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের তেমনি ১০টি গান গেয়েছি।অ্যালবামটি তৈরির ব্যাপারে মা কতটা সহযোগিতা করেছেন?পুরোটাই। অ্যালবামের ভাবনা ছিল আমার। কিন্তু ভাবনার সঙ্গে মিলিয়ে মা আমাকে গান বাছাই করে দিয়েছেন। যখন কণ্ঠ দিয়েছি, কোথায় কেমন হচ্ছে, কী করলে আরও ভালো হয়, সেদিকটা খেয়াল করেছেন।আর বাবা?বাবা যদিও অভিনয়ের মানুষ, কিন্তু গানটা খুব ভালো বোঝেন। অবশ্যই রবীন্দ্রসংগীত। একটা গান শোনার পর বাবা অন্তত ১০টা খুঁত বের করেন। উচ্চারণ, বাণী ও গানের ভাব বুঝে তা যথাযথভাবে পরিবেশন ও নাটকীয়তা—এসব দিকে তিনি খুব গুরুত্ব দেন। বাবা একটা কথা খুব বলেন, ‘গানটা গাওয়া নয়, বলার বিষয়।’ আসলেই তা-ই।আপনার আর কোনো অ্যালবাম বেরিয়েছে?না, বাঁধন ছেঁড়ার গান আমার প্রথম অ্যালবাম। আমার প্রথম অ্যালবাম বেরিয়েছে কলকাতা থেকে। পরের অ্যালবামটিও প্রকাশ করার ব্যাপারে ভাবনা রেকর্ডস আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে সেই অ্যালবামের ট্র্যাক তৈরি হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই কণ্ঠ দেব। এবার করব রবীন্দ্রসংগীতের প্রেম পর্যায়ের গান।ভাবনা রেকর্ডসের সঙ্গে যোগাযোগ হলো কীভাবে?কয়েক মাস আগে কলকাতায় ‘কবি প্রণাম’ নামের অনুষ্ঠানে গান করার জন্য আমন্ত্রণ পেয়েছিলাম। সেখানে এই প্রতিষ্ঠানের কয়েকজন কর্তাব্যক্তি আমার গান শুনেছেন। তারপর তাঁরা আমার অ্যালবাম প্রকাশের ব্যাপারে আগ্রহী হয়েছেন।