কলকাতা থেকে রিংকুর অ্যালবাম

: রিংকু, কলকাতা থেকে আপনার একটি অ্যালবাম বেরিয়েছে।
: হ্যাঁ, ভাবনগর । লোকগান নিয়ে।
: গানগুলো শুনলাম।
: কেমন লেগেছে?
: খুব ভালো।
: অনেক ধন্যবাদ। মনটা একেবারে জুড়িয়ে গেল।
কলকাতা থেকে বেরিয়েছে রিংকুর গানের অ্যালবাম। নাম ভাবনগর। এই অ্যালবামে রিংকুর সঙ্গে আছেন কলকাতার শিল্পী সহজ মা। তিনিও লোকগান করেন। পূজা উপলক্ষে দুই বাংলার লোকগানের দুজন শিল্পীর গান নিয়ে অ্যালবামটি বের করেছে জিরোনা এন্টারটেইনমেন্ট। এরই মধ্যে ঢাকার বাজারেও এসেছে অ্যালবামটি। পাওয়া যাচ্ছে বড় মগবাজারের ইউনিভার্সেল মিউজিকে।
রিংকু বলেন, ‘অ্যালবামটির পরিকল্পনা অনেক দিন ধরেই হচ্ছিল। সময়ের অভাবে কলকাতায় যেতে পারছিলাম না। শেষ পর্যন্ত জিরোনা এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শুভজিৎ রায় গানগুলোর ট্র্যাক নিয়ে ঢাকায় চলে আসেন। শেষে আমার স্টুডিও সম্পর্কতে গানগুলোতে কণ্ঠ দিয়েছি।’
সহজ মার ব্যাপারে বললেন, ‘তিনি তো খুব জনপ্রিয় শিল্পী। যেহেতু কলকাতার বাজারে আমি একেবারেই নতুন, তাই কোনো ঝুঁকি নিতে চাইনি। কলকাতার পরিচিত শিল্পী সহজ মার সঙ্গেই গান করেছি। আমরা প্রত্যেকেই এখানে চারটি করে গান গেয়েছি। একটি গান আমাদের দ্বৈত কণ্ঠে গাওয়া। অ্যালবামে কণ্ঠ দেওয়ার আগে মুঠোফোনে সহজ মার সঙ্গে আমার কথা হয়েছে। আমি প্রথম তাঁর অ্যালবাম পেয়েছিলাম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এরপর তাঁর সবকটি অ্যালবামই সংগ্রহ করেছি। আমি তাঁর গানের ভক্ত।’