কলকাতা বইমেলায় উত্তমের লেখা আত্মজীবনী
কলকাতা বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’খ্যাত উত্তমকুমারের লেখা আত্মজীবনীমূলক বই ‘হারিয়ে যাওয়া দিনগুলি মোর’। গত ২৬ জানুয়ারি শনিবার ৩৭তম কলকাতা বইমেলার উদ্বোধন করেছেন বাংলাদেশের শিক্ষাবিদ আনিসুজ্জামান।অভিনেতা হিসেবে সংগ্রামের পাশাপাশি উত্তমকুমারের ব্যক্তিজীবনের নানা অজানা অধ্যায় ঠাঁই পেয়েছে বইটিতে। আরও ঠাঁই পেয়েছে উত্তম ও তাঁর পরিবারের সদস্যদের বিরল ছবি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।উত্তম তাঁর এ লেখায় বলেছেন, ধনাঢ্য পরিবারের মেয়ে গৌরী দেবীর সঙ্গে মধ্যবিত্ত পরিবারের ছেলে উত্তমকুমারের প্রেম ও বিয়ের গল্প। গৌরীকে বিয়ে করার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে উত্তমের বচসার বিষয়টিও জানা যাবে এ বইয়ে। ১৯৬৩ সালে নিজের সংসার ছেড়ে সহ-অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সঙ্গে বসবাস শুরু করেছিলেন উত্তম। ১৯৮০ সালে মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ ১৭ বছর তিনি সুপ্রিয়ার সঙ্গেই থেকেছেন। কিন্তু আত্মজীবনীতে সুপ্রিয়াকে স্রেফ একজন সহকর্মী হিসেবেই উল্লেখ করেছেন তিনি।বইটির প্রকাশনা সংস্থা সপ্তর্ষি প্রকাশনের একজন মুখপাত্র জানিয়েছেন, ১৯৬৪ সালে জনপ্রিয় একটি বাংলা সাময়িকীতে ধারাবাহিকভাবে আত্মজীবনী লেখা শুরু করেছিলেন উত্তমকুমার। কিন্তু কাজটি তিনি পুরোপুরি শেষ করতে পারেননি। উত্তমের মৃত্যুর পর তাঁর লেখা আত্মজীবনীর পাণ্ডুলিপি চুরি হয়ে যায়।ওই মুখপাত্র আরও জানিয়েছেন, পরবর্তী সময়ে চন্দন নগরের একটি গ্রন্থাগারে পাণ্ডুলিপিটির কিছু অংশ খুঁজে পান অভিক চট্টোপাধ্যায়। আরও কিছু অংশ পাওয়া যায় একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছে। যে সাময়িকীতে উত্তমের আত্মজীবনী প্রকাশিত হয়েছিল, সেটির পুরোনো সংখ্যা খুঁজে বের করা হয় জাতীয় গ্রন্থাগারের সহায়তায়। সব লেখা একত্র করে ‘হারিয়ে যাওয়া দিনগুলি মোর’ বইটি সম্পাদনা করেছেন অভীক। নিঃসন্দেহে এটি সবার কাছে দুর্লভ একটি বই হিসেবে বিবেচিত হবে।১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয়েছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়ের। পরে নাম পালটে তিনি হয়ে যান উত্তমকুমার। চাকরি ছেড়ে বাংলা চলচ্চিত্রশিল্পে নিজের ভাগ্য গড়তে চাইলে গৌরীর দাদা উত্তমকে গাড়ি চালানো শিখতে বলেছিলেন। কারণ, তিনি একরকম নিশ্চিত ছিলেন, উত্তমের তারকা হওয়ার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। স্বপ্ন-ভঙ্গ ঘটলে কিছু একটা করে স্ত্রীকে যাতে খাওয়াতে-পরাতে পারেন, সে উদ্দেশ্যেই উত্তমকে গাড়ি চালানো শিখতে বলেছিলেন গৌরীর দাদা।শুরুর দিকে উত্তম অভিনীত একের পর এক ছবি ফ্লপ করতে থাকে। এ জন্য অনেকে তাঁর নাম দেন ‘ফ্লপ মাস্টার জেনারেল’। কোনো ছবির পোস্টারেই ঠাঁই পেত না উত্তমের নাম। পাঁচ বছর সংগ্রামের পর শেষ পর্যন্ত তাঁর অভিনীত ‘সাড়ে চুয়াত্তর’ ছবিটি ব্যবসাসফল হয়। ১৯৫৩ সালে মুক্তি পাওয়া ছবিটিতে তাঁর সঙ্গে জুটি হয়েছিলেন সুচিত্রা সেন।তারকা খ্যাতি পাওয়ার পর স্ত্রী গৌরীকে গাড়ি কিনে দেন উত্তম। তখন গৌরীর দাদা বলেছিলেন, গাড়ির চেয়ে বাড়ি উপহার দিলেই ভালো হতো। পরবর্তী সময়ে একে একে সাফল্যের সিঁড়ি ডিঙিয়ে খ্যাতির চূড়া স্পর্শ করেন একসময়ের ‘ফ্লপ মাস্টার জেনারেল’ উত্তমকুমার। অসাধারণ অভিনয়-নৈপুণ্য দিয়ে অন্যতম সেরা অভিনেতা হিসেবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নাম লেখান ‘মহানায়ক’ উত্তম।