কলকাতা বইমেলায় অংশ নেবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘৪০তম আন্তর্জাতিক বইমেলা’। এ বইমেলায় অংশগ্রহণ করবে বাংলাদেশ। আজ বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর-এর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্‌তারী মমতাজ, অতিরিক্ত সচিব মাহবুবা মশকুর, অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম, এ সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়কসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কলকাতা বইমেলায় বাংলাদেশের পাঁচটি সরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে সভায় জানানো হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ শিশু একাডেমি। এ ছাড়া, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ৩০ টির অধিক বেসরকারি প্রকাশনা সংস্থা এতে অংশগ্রহণ করবে।
সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, কলকাতা বইমেলায় এবার বাংলাদেশ যাতে ব্যাপক পরিসরে অংশগ্রহণ করতে পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। গত বছর এ মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের জন্য বরাদ্দ জায়গা প্রয়োজনের তুলনায় কম ছিল। এ বছর যাতে তা আরও বাড়ানো যায় সে বিষয়ে মেলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, এর ফলে আগের তুলনায় বেশিসংখ্যক স্টল করা সম্ভব হবে; যেখানে পাঠকের চাহিদামতো মানসম্পন্ন বই থাকবে। আন্তর্জাতিক এই মেলায় আমাদের সুন্দর, সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন অংশগ্রহণ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি সভায় মন্তব্য করেন।
প্রতিবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দেশের ঐতিহ্যবাহী ভবন বা স্থাপনার আদলে Èবাংলাদেশ প্যাভিলিয়ন' নির্মাণ করা হয়। এ বছর বর্ধমান হাউসের আদলে এ প্যাভিলিয়নটি নির্মাণ করা হবে। অন্য বছরের মতো এবারও কলকাতা বইমেলা চলাকালীন নির্দিষ্ট একটি দিনকেÈ‘বাংলাদেশ দিবস’ হিসেবে উদ্‌যাপন করা হবে। এ দিনে একটি নির্ধারিত বিষয়ের ওপর সেমিনারের আয়োজন করা হবে। এতে একজন মূল প্রবন্ধকার থাকবেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিশিষ্টজনরা এ সেমিনারে উপস্থিত থেকে প্রবন্ধের ওপর আলোচনা করবেন।
এ ছাড়া, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য বইমেলা চলাকালীন প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।