কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা বইমেলায় এবারও বাংলাদেশ প্যাভিলিয়নে উপচে পড়া ভিড়। রোববার সন্ধ্যায় ভিড় এমন ছিল যে প্যাভিলিয়নের মধ্যে পা দেওয়ার জায়গা ছিল না। অগত্যা প্যাভিলিয়নের বাইরে লাইন দিয়ে ঢুকতে হয়েছে কলকাতার বইপ্রেমীদের। কলকাতার বইপ্রেমীদের আগ্রহ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বই, বাংলা একাডেমীর অভিধান এবং বিভিন্ন গবেষণামূলক বই, তথ্য প্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসা ও আইন বিষয়ের নানা বইয়ের প্রতি। তা ছাড়া শামসুর রাহমান, হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলনের বই চলেছে এ মেলায়।এবারে বইমেলায় বাংলাদেশের ২৫টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। সরকারি সংস্থার মধ্যে রয়েছে বাংলা একাডেমী, শিশু একাডেমী, নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমী, ইসলামিক ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র ইত্যাদি। আর বেসরকারি প্রকাশনা সংস্থার মধ্যে রয়েছে অনন্যা, আগামী, অনুপম, অন্যপ্রকাশ ইত্যাদি। বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে বাংলাদেশের জাতীয় জাদুঘরের আদলে।