কলকাতা যাচ্ছে শিশু-নাটক
এর আগে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনভুক্ত বন্ধুমহল নামের এ দলটি ভারতের দিল্লি, কলকাতা, ওডিশায় একাধিক প্রদর্শনী করেছে। আবারও কলকাতায় নাটক প্রদর্শনীর জন্য দলটির আমন্ত্রণ এসেছে। এ মাসেই যাচ্ছে দলটি। ‘এসো নাটক শিখি’ সংগঠনের আমন্ত্রণে শিশু নাট্যোৎসবে কলকাতার রবীন্দ্রসদনে ১১ জুন বাহাদুর ছেলে নাটকটি পরিবেশন করবে। নাটকটির নির্দেশনার কাজটি করেছেন তাপস দাস। নাটকটির রচনাও তাঁর নিজেরই। জানা গেছে, পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পাদক আনিস শিপলুর নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল ৯ জুন কলকাতার উদ্দেশে রওনা হবে। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল লিয়াকত আলী লাকী বলেন, ‘পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন শিশুদের নাটকের সঙ্গে গভীরভাবে জড়িত। এই অ্যাসোসিয়েশনের একাধিক দল প্রতিবছরই কোনো না কোনো দেশে নাটক করার আমন্ত্রণ পাচ্ছে। আমি মনে করি, সার্কভুক্ত যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের শিশু-নাটক অনেক শক্তিশালী। ফলে আমাদের শিশু-নাটক যেকোনো দেশের উৎসবে কদর রয়েছে। এতে আমরা বিশ্বের বিভিন্ন দেশে বেশি বেশি শিশু-নাটক করার সুযোগ পাচ্ছি।’কলকাতার এ উৎসবে সর্বভারত ও বাংলাদেশের নাটক মঞ্চস্থ হবে।