কলকাতা সফর পণ্ড হওয়ায় মমতাকে দুষলেন রুশদি
বিতর্কিত লেখক সালমান রুশদির ‘মিডনাইট’স চিলড্রেন’ উপন্যাস অবলম্বনে ১ ফেব্রুয়ারি শুক্রবার একই নামে ভারতে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ছবির প্রচারণার কাজে কলকাতায় যাওয়ার কথা ছিল রুশদির। কিন্তু শেষ মুহূর্তে পুলিশি বাধার কারণে কলকাতা সফর বাতিল করতে হয়েছে তাঁকে। আর এ জন্য তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। ‘মিডনাইট’স চিলড্রেন’ ছবির প্রচারণার কাজে এর পরিচালক দীপা মেহতা ও অভিনেতা রাহুল বোসের সঙ্গে কলকাতা যেতে চেয়েছিলেন রুশদি। সব আয়োজন সম্পন্নও হয়েছিল। কলকাতা বইমেলায় সাহিত্যবিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ছবির প্রচারণা চালানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাদ সাধে পুলিশ। এক খবরে এমনটিই জানিয়েছে বিবিসি। এ প্রসঙ্গে রুশদির ভাষ্য, ‘কলকাতা যাওয়ার মাত্র এক দিন আগে আমাদের জানানো হয়, কলকাতা শহরে পুলিশ আমাকে ঢুকতে অনুমতি দেবে না। আরও জানানো হয়, আমি যে বিমানে চেপে কলকাতা নামব, তার পরের ফ্লাইটেই আমাকে ফেরত পাঠানো হবে।’ রুশদি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কলকাতা না যাওয়ার অনুরোধ করেছেন বলে আমাদের জানানো হয়েছে। মোদ্দা কথা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে আদেশ দিয়েছেন যাতে আমি কলকাতা সফরে যেতে না পারি।’ প্রসঙ্গত, ১৯৮৮ সালে প্রকাশিত রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ উপন্যাস ভারতে নিষিদ্ধ করা হয়। সেই থেকে ভারতে বিতর্কিত লেখক হিসেবেই বিবেচনা করা হয় তাঁকে। গত বছর জয়পুর সাহিত্য উত্সবে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু মৃত্যুর হুমকি পাওয়ার পর ওই উত্সবেও যোগ দেননি তিনি।