কলকাতায় বাংলাদেশ বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় বাংলাদেশ বইমেলা উপলক্ষে ইপিবির সভাকক্ষে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ষ ছবি: প্রথম আলো
কলকাতায় বাংলাদেশ বইমেলা উপলক্ষে ইপিবির সভাকক্ষে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ষ ছবি: প্রথম আলো

বাংলাদেশে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির উদ্যোগে তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা। কলকাতার নন্দন চত্বরে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় সপ্তাহব্যাপী এ মেলা শুরু হবে ২৬ সেপ্টেম্বর। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের ব্যবস্থাপনায় এ আয়োজন করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
মেলার বিস্তারিত কর্মসূচি তুলে ধরে গতকাল রোববার সকালে ইপিবির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু। মেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, নির্বাহী পরিচালক মিলনকান্তি নাথ ও মেলা কমিটির আহ্বায়ক ফরিদ আহমেদ। এ সময় ইপিবির মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মণসহ ইপিবি ও সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর মেলায় ২৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মেলা উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের সাহিত্যিক ও শিল্পীরা অংশ নেবেন। এ ছাড়া ২৭ সেপ্টেম্বর বিকেলে নন্দন একাডেমি মিলনায়তনে ‘মৈত্রীর জন্য বই’ এবং ৩০ সেপ্টেম্বর ‘বাংলা কথাসাহিত্য এবং বাঙালি পাঠক’ শীর্ষক দুটি আলোচনা অনুষ্ঠিত হবে। মেলা চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।
আয়োজকেরা জানান ২০১১ সালে প্রথমবার মেলা করার পর পশ্চিমবঙ্গের পাঠকদের বিপুল সাড়া পাওয়া গিয়েছিল। সেই অনুপ্রেরণাতেই প্রতিবছর মেলার আয়োজন করা হচ্ছে।