কলকাতায় সুচিত্রা ছিলেন না কাল

কলকাতার সুচিত্রা সেন ভক্তরা এখনো ভাবতে পারছেন না, এমন নীরবে চলে যাবে মহানায়িকার প্রথম প্রয়ান দিবস। গত বছরের ১৭ জানুয়ারি ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে চিরবিদায় নিয়েছিলেন সুচিত্রা সেন। গতকাল কেবল রাজ্য সরকার ছাড়া এদিনটি পালনে কেউ তেমন কোনো উদ্যোগ নেয়নি। কলকাতার সব বড় বাংলা দৈনিক সংবাদপত্রও তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী নিয়ে করেনি বিশেষ কোনো আয়োজন। তবে ব্যতিক্রম ছিল সংবাদ প্রতিদিন পত্রিকাটি। তারা সুচিত্রাকে নিয়ে একটি রিপোর্ট ছেপেছে। লিখেছে, রাজনৈতিক ডামাডোলের জেরে মাত্র এক বছরেই বিস্মরণের গহ্বরে হারিয়ে যেতে বসেছেন বাংলা তথা বাঙালির মহানায়িকা সুচিত্রা সেন।
সুচিত্রা স্মরণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পাঁচ দিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। যেখানে সুচিত্রা অভিনীত কয়েকটি চলচ্চিত্র দেখানো হবে। অন্যদিকে সুচিত্রার বাসভবনে ঘরোয়াভাবে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। দিদা সুচিত্রা সেনকে স্মরণ করতে শুটিং ছেড়ে বাড়ি ফেরেন তাঁর দুই নাতনি রাইমা ও রিয়া সেন।
সুচিত্রা সেনের মৃত্যুর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বালিগঞ্জ ফাঁড়ি এলাকার নাম বদলে ‘সুচিত্রা সেন স্কয়ার’ করেছিলেন। কিন্তু সুচিত্রার শেষকৃত্যস্থল কেওড়াতলা মহাশ্মশানে একটি স্মৃতিসৌধ গড়ার কথা ঘোষণা দেওয়া হলেও তা এখনো করা হয়নি।