কলকাতার অভিনেতা পীযূষ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পীযূষ গঙ্গোপাধ্যায়
পীযূষ গঙ্গোপাধ্যায়

পাঁচ দিন লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র, টিভি ও মঞ্চের অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে গত শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে তিনি মারা যান।
দুর্গাপূজার সপ্তমীর সন্ধ্যায় নিজেই গাড়ি চালিয়ে হাওড়ার দিকে ফিরছিলেন পীযূষ। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন। একসময় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তাঁদের গাড়িটি একেবারে দুমড়ে যায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর মালবিকাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও পীযূষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। কলকাতার পত্রিকা আনন্দবাজার-এ লেখা হয়, দুর্ঘটনায় পীযূষের ডান হাত, পা এবং বুকের ডান দিকের পাঁচটি পাঁজর ভেঙে যায়। মুখের দুই পাশে ও কপালে গুরুতর আঘাত পান তিনি।
গতকাল রোববার সকালে ময়নাতদন্তের পর বিকেলে পীযূষ গঙ্গোপাধ্যায়ের শেষকৃত্য হয় কেওড়াতলা মহাশ্মশানে।
পীযূষের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে গয়নার বাক্স, আবার ব্যোমকেশ, অটোগ্রাফ, আবর্ত, ইতি শ্রীকান্ত, ব্যোমকেশ বক্সী, বাবা কেন চাকর ইত্যাদি। সবশেষ জল নূপুর টিভি সিরিয়াল দিয়ে তিনি অনেক প্রশংসিত হন। পীযূষ গঙ্গোপাধ্যায়ের জন্ম বাংলাদেশের নারায়ণগঞ্জে, ১৯৬৫ সালের ২ জানুয়ারি। তাঁর ছেলেবেলা কেটেছে এখানে। তিনি পড়াশোনাও করেছেন নারায়ণগঞ্জে।