কলকাতার উত্সবে বাংলাদেশের চার চলচ্চিত্র
বাংলাদেশ থেকে চারটি চলচ্চিত্র এবার কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে অংশ নেবে। চলচ্চিত্র উত্সবে যাচ্ছে শাহনেওয়াজ কাকলির ‘উত্তরের সুর’, অহিদুল ইসলাম ডায়মন্ডের ‘অন্তর্ধান’ এবং তানভির মোকাম্মেলের প্রামাণ্যচিত্র ‘জাপানি বধূ’ ও ‘অয়ি যমুনা’। আট দিনের এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন হবে ১০ নভেম্বর শনিবার। এবার এই চলচ্চিত্র উত্সব ১৮ বছরে পা দিচ্ছে।এবারের চলচ্চিত্র উত্সবে যোগ দিচ্ছে বিশ্বের ৬০টি দেশের ১৮৯টি চলচ্চিত্র। ইরানের পরিচালক আসগর ফরিদির ‘এ সেপারেশন’ দিয়ে শুরু হবে এ উত্সব।আজ শুক্রবার এ চলচ্চিত্র উত্সবের সময়সূচি ঘোষণা করেন উত্সব কমিটির চেয়ারম্যান অভিনেতা রঞ্জিত মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ ও হরনাথ চক্রবর্তীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।