কলকাতার ঋত্বিকের সঙ্গে জ্যোতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যোতিকা জ্যোতি
জ্যোতিকা জ্যোতি

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জ্যোতিকা জ্যোতি। পুরস্কারজয়ী বাকিটা ব্যক্তিগত ছবির নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য এবার সিনেমা বানাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে। এটি হবে প্রদীপ্তর দ্বিতীয় ছবি। ছবির অভিনেতাও চূড়ান্ত হয়ে গেছে। জ্যোতিকা জ্যোতির বিপরীতে এই ছবিতে দেখা যাবে কলকাতার ঋত্বিক চক্রবর্তীকে।
গতকাল মঙ্গলবার দুপুরে এ বিষয়ে কথা হয় জ্যোতির সঙ্গে। তিনি বলেন, ‘কাজটি বেশ কঠিন হবে। কারণ, এই ছবির নির্মাতা ও অভিনেতা দুজনই গুণী এবং মেধাবী। তাই এখন আমাকে তাঁদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত হবে। সেই প্রস্তুতি নিতে শিগগিরই আবার কলকাতা যাচ্ছি।’ জ্যোতি জানান, শরৎচন্দ্রের কোন উপন্যাস অবলম্বনে তাঁর ছবিটি তৈরি হবে, তা এখন বলতে মানা। তবে এটুকু তিনি বলেছেন যে ছবিটি উপন্যাস অবলম্বনে হলেও এর প্রেক্ষাপট হবে এ সময়ের। জ্যোতি জানান, আগামী মে মাস থেকে এই ছবির শুটিং শুরু হবে।

ঋত্বিক চক্রবর্তী
ঋত্বিক চক্রবর্তী

নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্যের সঙ্গে কথা হয় মুঠোফোনে। তিনি বলেন, ‘জ্যোতি অভিনীত নাটক দেখেছি। সেটা দেখেই তাঁকে এই ছবির জন্য উপযুক্ত বলে মনে হয়েছে। অনিল বাগচীর একদিন ছবিতে জ্যোতির অভিনয়ও আমার নজর কেড়েছিল। একটি ফ্রেশ ফেসের দরকার ছিল। জ্যোতির ভেতর সেই নতুন ব্যাপারটি পেয়েছি।’
কলকাতার অভিনেতা ঋত্বিক তাঁর ওপেনটি বায়োস্কোপ, ফড়িং ও নির্বাক ছবির জন্য বেশ পরিচিত।