কলকাতার চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। ছবির নাম সীমান্ত। পরিচালনা করছেন ধৃতীশ কুমার রায়। ছবিটির জন্য অনুদান দিয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এনএফডিসি)। আগামী বছরের জানুয়ারিতে ছবির কাজ শুরু হবে। চঞ্চল জানান, এরই মধ্যে নির্মাতাদের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে। প্রয়োজনীয় অনুমতির জন্য সব কাগজ পাঠিয়ে দিয়েছেন কলকাতায়। চঞ্চল বললেন, ‘সীমান্তর গল্প বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকা নিয়ে। ছবিতে আমি চোরাকারবারের সঙ্গে জড়িত থাকি। আসলে আমি কোন দেশের নাগরিক, তা জানি না। সীমান্তরক্ষী বাহিনীর তাড়া খেয়ে ভারতীয় সীমান্ত এলাকায় আত্মগোপন করি। আমাকে গ্রেপ্তার করার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তল্লাশি চালায়। সীমান্ত এলাকার মানুষের সুখ-দুঃখ আর অনিশ্চিত জীবনের গল্প নিয়ে ছবিটি।’চঞ্চল চৌধুরীর প্রথম চলচ্চিত্র রূপকথার গল্প। এরপর তিনি অভিনয় করেছেন গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা, গৌতম ঘোষের মনের মানুষ আর সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন ছবিতে।