চ্যানেল টোয়েন্টিফোরে শুরু হলো ধারাবাহিক নাটক আসিন। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন এজাজ মুন্না। ধারাবাহিকটির নাম-ভূমিকায় অভিনয় করছেন মম। কথা হলো তাঁর সঙ্গে।আপনাকে দেখছি কয়েকটি নাটকে নাম-ভূমিকায় অভিনয় করেছেন।হ্যাঁ। এর আগে শুধু একটি ধারাবাহিকে নাম-ভূমিকায় অভিনয় করেছি—কামিনী। একুশে টিভিতে প্রচারিত হয়েছে। তবে এক ঘণ্টার কয়েকটি নাটকে নাম-ভূমিকায় অভিনয় করেছি—মেহেরনিগার, মহামায়া, নিরুপমা।এবার ‘আসিন’ নাটকের কথা বলুন।একটি মেয়ের জীবনসংগ্রামের গল্প। মেয়েটি একসময় বিদেশে পড়াশোনা করেছে। নানা কারণে বাবা-মায়ের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়ে আছে। দেশে ফেরার পর মেয়েটি বিয়ে করেছে। এখন সে অন্তঃসত্ত্বা। সামাজিক ও পারিবারিক নানা জটিলতার মধ্য থেকে মেয়েটি নিজেকে কীভাবে মুক্ত করে, তা-ই দেখা যাবে নাটকটিতে।শুনলাম, আপনি এখন এশিয়ান টিভির ‘স্টার ড্যান্স’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।একটা সময় অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। সময়টা ছিল ১৯৯২ থেকে ২০০০ সাল। জাতীয় শিক্ষা সপ্তাহে দুবার আর জাতীয় পুরস্কার প্রতিযোগিতায় তিনবার স্বর্ণপদক জিতেছিলাম। ১৯৯৫ সালে বিটিভির ‘নতুন কুঁড়ি’তে অংশ নিয়েছিলাম। এই প্রতিযোগিতায় নাচে রৌপ্য আর গানে ব্রোঞ্জপদক পেয়েছিলাম। অনেক দিন পর আবার নাচের প্রতিযোগিতায় এসে ভালোই লাগছে। কিছুদিন আগে আপনি চলচ্চিত্রে অভিনয়ের কথা বলেছিলেন। ওটার খবর কী?কলকাতার বাংলা ছবিতে কাজ করব। আলোচনা চূড়ান্ত হয়ে গেছে। এ মাসেই চুক্তি হবে। তার মধ্যে একটি ছবির শুটিং শুরু হবে আগামী মাসে। কলকাতায় আপনি কয়টি ছবিতে অভিনয় করবেন?কলকাতার এ সময়ের কয়েকজন পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা প্রত্যেকেই খুব আগ্রহী। যেহেতু এখনো কারও সঙ্গেই চুক্তি স্বাক্ষরিত হয়নি, তাই কারও কথা বলতে চাইছি না। এ মাসেই কলকাতায় যাওয়ার পরিকল্পনা আছে। সেখান থেকে ফিরে সবাইকে জানাব।