কলকাতার ছবিতে অর্ণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও কলকাতার ছবিতে গান করতে যাচ্ছেন অর্ণব। ছবির নাম মোটামুটি থাকা। অর্ণব জানান, এই ছবির গানের কাজ করতে আজ শনিবার কলকাতায় যাচ্ছেন তিনি। অর্ণব বলেন, ‘কলকাতার ছবিতে প্রথম গান করি ১৯৯৮ সালে। মোটামুটি থাকা কলকাতায় আমার তৃতীয় ছবি। ছবির গানের সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি দুটি গানে কণ্ঠ দেওয়ারও সম্ভাবনা আছে।’ অর্ণব জানান, কলকাতার পাশাপাশি ইদানীং মুম্বাইয়ের ছবিতেও কাজ করার ব্যাপারে আলোচনা হচ্ছে। মোটামুটি থাকা ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন প্রসেনজিৎ বিশ্বাস। কলকাতা থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘আমি অর্ণবের গানের খুব ভক্ত। দীর্ঘদিন আমি অঞ্জন দত্ত ও কৌশিক গাঙ্গুলির সঙ্গে সহকারী হিসেবে কাজ করেছি। মোটামুটি থাকা আমার প্রথম ছবি। ছবিতে গান থাকবে পাঁচটি। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি অর্ণব এই ছবির আবহ সংগীতের কাজও করবেন। আগামী জুলাই মাসে কলকাতায় মোটামুটি থাকা ছবির শুটিং শুরু করব।’ এদিকে অর্ণব এখন আফসানা মিমি পরিচালিত রান ছবির গানের কাজ করছেন। এ ছাড়া সাভার ট্র্যাজেডি নিয়ে অর্ণব একটি নতুন গান তৈরি করেছেন। মৃত্তিকা গুণের লেখা ‘মন খারাপের বৃষ্টি’ শিরোনামের গানটি www.savar.incursionmusic.com ওয়েবপোর্টালে প্রকাশ করা হয়েছে।