কলকাতার ছবিতে কনার গান

‘নতুন পথে নতুন পথিক/ নতুন আগন্তুক/ সময় থেকে পালিয়ে বেড়ায়/ এখন অহেতুক৷’—কলকাতার বাংলা ছবির একটি গান৷ ছবির নাম আত্মজ৷ পরিচালক দ্রোণ আচার্য৷ গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা৷ গতকাল রোববার দুপুরে ঢাকার মিরপুরের একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়৷ এ সময় উপস্থিত ছিলেন দ্রোণ আচার্য৷ তিনি বলেন, ‘ছবির বেশির ভাগ শুটিং হয়ে গেছে৷ ছবিতে তিনটি গান ব্যবহার করছি৷ এর মধ্যে রয়েছে রবীন্দ্রসংগীত ও লালনের গান৷ তৃতীয়টি মৌলিক গান৷ এই গানটির জন্যই আমরা কনাকে বেছে নিয়েছি৷’
দ্রোণের আরেকটি পরিচয়, তিনি সুরকার ও সংগীত পরিচালক৷ কলকাতায় এ পর্যন্ত অনেক ছবির কাজ করেছেন৷ কনার গাওয়া গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি৷ গানের কথা লিখেছেন সাজ্জাদ হুসাইন৷
কনা বলেন, ‘দ্রোণ আচার্যর সঙ্গে আমার প্রথম যোগাযোগ হয় ফেসবুকে৷ তিনি আগেই আমার গান শুনেছেন৷ ফেসবুকেই তিনি আমাকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানান৷’