কলকাতার ছবিতে নির্ঝরের গান
‘এবারই প্রথম একটি বাংলা ছবি ভারতের চারটি গুরুত্বপূর্ণ শহরে মুক্তি পেয়েছে। তাই পরিচালক হিসেবে আমার খুব আনন্দ হচ্ছে। আর ছবির গানগুলোও দর্শকেরা দারুণ পছন্দ করেছে।’ নিজের ছবির ব্যাপারে টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় এভাবেই বললেন গৌরব পান্ডে। শুকনো লঙ্কা ছবির পরিচালক তিনি। এর আগে তাঁর লেখা কাহিনি ও চিত্রনাট্যের ছবি অনুরণন পেয়েছে জাতীয় পুরস্কার। এবার কাহিনি ও চিত্রনাট্য লেখার পাশাপাশি নিজেই ছবি পরিচালনা করেছেন। ২ জুলাই শুকনো লঙ্কা ছবিটি ভারতের কলকাতা, দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুর দুই শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।শুকনো লঙ্কা ছবিতে মৌলিক গান আছে তিনটি। এর মধ্যে দুটি গান লিখেছেন বাংলাদেশের এনামুল করিম নির্ঝর। গান দুটি হলো, ‘আসা যাওয়ার গান’ এবং ‘হাতে তোমার কয়টি রেখা’। গানগুলো গেয়েছেন মহিনের ঘোড়াগুলি ব্যান্ডের অন্যতম সদস্য বনি চক্রবর্তী। আর গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।বৃহস্পতিবার সকালে মুঠোফোনে দেবজ্যোতি বললেন, ‘ছবির গানগুলো শ্রোতারা দারুণ পছন্দ করেছে। আমি এর আগেও নির্ঝরের সঙ্গে কাজ করেছি। সেটা ছিল আহা! ও নমুনা ছবিতে। তাই তাঁর লেখার সঙ্গে আগে থেকেই পরিচয় আছে। এবার ভারতের শ্রোতারা তাঁর লেখা গান শুনছে। আমি বলব, নির্ঝর কলকাতার ছবির গানের নতুন ভাষা তৈরি করেছেন। তাই তো গানের অ্যালবামটি দারুণ বিক্রি হচ্ছে। আর “আসা যাওয়ার গান” তো খুব জনপ্রিয় হয়েছে।’নির্ঝর বললেন, ‘নিজের ছবির বাইরে আমি এবার প্রথম গান লিখেছি, তাও আবার কলকাতার ছবিতে। একটি গান নাকি সবাই খুব শুনছে। তবে “হাতে তোমার কয়টি রেখা” গানটি এর আগে আমার আহা! ছবিতে ব্যবহার করেছিলাম। এবার গানটি নতুনভাবে শুকনো লঙ্কার জন্য তৈরি করা হয়েছে। ভালোই লাগছে।’