কলকাতার ছবিতে রুনার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বছর পাঁচেক পর কলকাতার ছবিতে গান করেছি। সর্বশেষ গেয়েছিলাম বাপ্পী লাহিড়ীর সুর করা একটি গান। আগে যখনই ওখানে যেতাম, অন্তত একটি ছবিতে গান গাওয়া হতো। এ পর্যন্ত কলকাতার অনেকগুলো ছবিতে গান গেয়েছি। মাঝে নানা কারণে গান গাওয়া হয়নি। এবার যে গানটি গেয়েছি, তার রেকর্ডিং হয়েছে পয়লা বৈশাখে।’ বললেন রুনা লায়লা। রুনা জানালেন, ছবির নাম ঘরে ফেরা। গানটির গীতিকার প্রেমাংশু রায়, সুর ও সংগীত পরিচালনা করেছেন গৌতম ঘোষ। ১২ এপ্রিল কলকাতা যান রুনা লায়লা। পরদিন সেখানে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ঊষা উত্থুপের ‘ফ্রেন্ডস ফরএভার’ কনসার্টে গান গেয়েছেন তিনি। ঊষা উত্থুপের সংগীতজীবনের ৪২ বছর পূর্তি উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হয়। তাঁর সঙ্গে বাংলাদেশ থেকে আরও আমন্ত্রিত হন সাবিনা ইয়াসমীন। কনসার্টে তিনিও গান গেয়েছেন। অন্য শিল্পীদের মধ্যে ছিলেন বাপ্পী লাহিড়ী, কুমার শানু, উদিত নারায়ণ, বাবুল সুপ্রিয়, অরুন্ধতী হোম চৌধুরী, অনুপ জালোটা প্রমুখ। রুনা জানান, এবার তাঁকে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৭’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। দুটি পর্বের বিশেষ অতিথি ছিলেন তিনি। ১৭ এপ্রিল এই দুটি পর্ব ধারণ করা হয়।