কলকাতার ছবিতে সিঁথির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঁথি সাহা
সিঁথি সাহা

কলকাতার ছবিতে গান গেয়েছেন ঢাকার মেয়ে সিঁথি সাহা। ছবির নাম অঝোর শ্রাবণ। ছবিটি পরিচালনা করছেন রাজ গোপাল চক্রবর্তী।
কলকাতার ছবিতে গান গাওয়ার সুযোগ পাওয়া নিয়ে সিঁথি বললেন, ‘অঝোর শ্রাবণ ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন দৃশান খান। তিনি বাংলাদেশের ছেলে। পড়াশোনা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। এখন ঢাকায় আছেন। তিনি আগেই আমার গান শুনেছিলেন। তিনি প্রস্তাব করায় সুযোগ পেয়ে গেলাম।’
কথা হলো দৃশানের সঙ্গেও। তিনি বলেন, ‘আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে স্নাতকোত্তর করেছি। এরপর কলকাতায় কয়েকটি ছবির গানের সুর ও সংগীত পরিচালনার কাজ করছি। অঝোর শ্রাবণ ছবিতে গান গেয়েছেন সনু নিগম, শ্রেয়া ঘোষাল, মোনালি ঠাকুর ও সিঁথি সাহা। আরও কণ্ঠ দেবেন কুনাল গাঞ্জেওয়ালা। তাঁর কণ্ঠ নেওয়ার জন্য শিগগিরই মুম্বাই যাচ্ছি। এরপর বেটার লাভ ছবির গান নিয়ে কাজ করব।’
সিঁথি আরও জানান, তাঁর নতুন অ্যালবামের নাম সিঁথির গান। ছয়টি গান পুরোপুরি তৈরি হয়ে গেছে। ঈদের আগেই গানগুলো ওয়েবসাইটের মাধ্যমে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।