কলকাতার প্রতি অভিমান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে

কলকাতায় ফিরে আসতে চেয়েও ফিরে আসতে পারলেন না মান্না দে। চলে গেলেন চিরকালের জন্য। সুদূর বেঙ্গালুরু থেকে শেষ বিদায় জানালেন—বিদায় কলকাতা, গুডবাই। অনেক দিন ধরে জমে থাকা মান-অভিমানকে সঙ্গে নিয়েই পরপারে পাড়ি দিলেন মান্না দে।
মান্না দে জন্মেছিলেন এই কলকাতা শহরেই; ১৯১৯ সালের ১ মে। পড়াশোনা, শৈশব কলকাতায়ই। সংগীতে হাতেখড়ি কাকা কৃষ্ণ চন্দ্র দের কাছে। সংগীত পরিবারে জন্মে শেষ পর্যন্ত পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সংগীতকেই। যদিও কলকাতার বিদ্যাসাগর কলেজে পড়ার সময় ভারতের সেরা কুস্তিগির হওয়ার স্বপ্ন দেখেছিলেন। ছিলেন রাজ্যস্তরের একজন কুস্তিগিরও। সেরা কুস্তিগির হওয়ার জন্য কলেজে প্রতিযোগিতায়ও লড়েছেন তিনি। কিন্তু সংগীতের জন্য কাকার অনুপ্রেরণা তাঁকে এই পথ থেকে সরিয়ে নেয়। ১৯৩৬ সালে ম্যাট্রিক পাস করে ভর্তি হন কলকাতার স্কটিশ চার্চ কলেজে। ১৯৩৭ সালে কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম সংগীত পরিবেশন করেন। সেরা হন। শুরু হয় তাঁর সংগীতজীবন। গানের সুরও দেওয়া শুরু করেন তিনি। কলকাতার ইন্দুবাবুর পাঠশালায় পড়ার সময় শিশুশিল্পী হিসেবেও সংগীত পরিবেশন করেছিলেন।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে
সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে


১৯৪২ সালে কাকা সংগীতাচার্য কৃষ্ণ চন্দ্র দের হাত ধরে তিনি প্রথম পাড়ি দেন মুম্বাইয়ে। ছিলেন কাকার সহকারী। শুরু করেন সংগীতজীবন। ১৯৪৩ সালে কৃষ্ণ চন্দ্র দের সংগীত পরিচালনায় নির্মিত তামান্না ছবিতে প্রথম সুরাইয়ার সঙ্গে কণ্ঠ দেন। তারপর একই বছর রামরাজ্য ছবিতে এককভাবে নেপথ্য কণ্ঠ দেন। আর ১৯৫২ সালে ভি শান্তারামের মারাঠি ও বাংলা দ্বিভাষিক ছবি অমর ভূপালিতে প্রথম বাংলায় কণ্ঠ দেন। এভাবেই যাত্রা শুরু করেন মান্না দে।
ভারতের সংগীত ভুবনে তৎকালীন তিন তারকা মহম্মদ রফি, মুকেশ আর কিশোর কুমারের সঙ্গে লড়াইয়ে নামেন মান্না দে। তখন এই চার শিল্পীর সংগীতের দাপট ভারতজুড়ে।
মুম্বাই থেকে মান্না দে যে যাত্রা শুরু করেছিলেন, তা শেষ করে দিলেন কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু থেকেই তিনি শেষ বিদায় জানালেন কলকাতাবাসীকে। অনেক স্বপ্ন ছিল মান্না দের। মাঝজীবনে নিজের শহর কলকাতায় এসে থাকতে চেয়েছিলেন। কিন্তু কলকাতা আর তাঁকে আপন করে নেয়নি। ক্ষোভে, দুঃখে, মান-অভিমানে ছেড়ে গেলেন কলকাতা। শেষ জীবন কাটালেন নিজের ছোট মেয়ে সুমিতা দেবের বেঙ্গালুরু শহরের কল্যাণ নগরের বাসভবনে। এখান থেকেই চির বিদায় নিলেন তিনি।

গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গে
গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গে

যদিও মৃত্যুর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার জন্য মরদেহ কলকাতায় আনতে চেয়েছিলেন, কিন্তু রাজি হননি কন্যা সুমিতা।
মান্না দে কলকাতায় স্থায়ীভাবে থাকা এবং এখানে একটি সংগীত একাডেমি গড়ার জন্য এক টুকরো জমি চেয়েছিলেন রাজ্য সরকারের কাছে। কিন্তু সাবেক পশ্চিমবঙ্গ সরকার তাঁর সেই আবেদন রাখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর মান্না দেকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করলেও তাঁকে জমি দেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করেননি। বলেছিলেন, প্রয়োজনে তাঁকে তাঁর কালীঘাটের বাসভবনে রাখবেন। চিকিৎসা করাবেন।
এসব ঘটনায় প্রচণ্ড আঘাত পান মান্না দে। তারপরই কলকাতা থেকে ফিরিয়ে নেন মুখ।

শচীন দেব বর্মনের সঙ্গে
শচীন দেব বর্মনের সঙ্গে


কেরালার সংগীতশিল্পী এবং মান্না দে তাঁর গানের ছাত্রী সুলোচনা কুমারনকে ভালোবেসে ১৯৫৩ সালে বিয়ে করেছিলেন। বিয়ের পর অবশ্য সুলোচনা নিজের সংগীত চর্চা ছেড়ে বরং স্বামীর সংগীত চর্চার দিকে বেশি মনোযোগ দিয়েছিলেন। লক্ষ্য, স্বামীকে একজন বড় শিল্পী হিসেবে গড়ে তোলা। সত্যিই সুলোচনার সেই স্বপ্ন ্পূরণ হয়েছে। এ বছরই জানুয়ারি মাসে সুলোচনা চলে গেলেন পরপারে। রেখে যান দুই কন্যা সুরমা ও সুমিতাকে। সুমিতা থাকছেন বেঙ্গালুরুতে। আর সুরমা থাকছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।