কলকাতার ভূতের ভবিষ্যৎ ওদের বিটলজুস
ভূতেরা কি আজকাল সিনেমা দেখে? দেখে বলেই আজকাল পশ্চিমবঙ্গের পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। সিনেমা হলের উপচে পড়া ভিড় দেখেই এমন মন্তব্য। আর সিনেমাটাও কিন্তু ভূতদের নিয়ে। নাম ভূতের ভবিষ্যৎ। পরিচালক অনীক দত্ত আগে বিজ্ঞাপনের ছবি বানাতেন। সবাই চমকে গেছেন ছবিটির সাফল্য দেখে। ভূতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এমন পর্যায়ে গেছে যে গত ২৯ এপ্রিলের আনন্দবাজার পত্রিকার প্রধান শিরোনাম দেখে হয়তো অনেকেই চমকে উঠেছেন। সেদিন পত্রিকার মূল শিরোনামটি ছিল এ রকম ‘ভূতেই ভবিষ্যৎ বাঙালির, দেখাল ব্যতিক্রমী ছবির বেনজির সাফল্য’।৯০-এ পা দেওয়া পরিচালক মৃণাল সেন এক সাক্ষাৎকারে ইদানীং দেখা সিনেমাগুলোর কথা বলেছেন। তিনি বলেছেন, ‘ভালো লেগেছে ভূতের ভবিষ্যৎ। পরিচালক অনীকের (দত্ত) রসিকতাবোধ, তুখোড় বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার পরিচয় আগাগোড়া ছবিটায়। এমন টানটান, কোনো বিশ্রামের যেন দরকার পড়ে না। এমন ছবি এ দেশে হয়নি। ওর আগামী কাজ দেখার জন্য কৌতূহল রইল।’আজকাল কলকাতার ছবিতে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। তবে এ কথা অবশ্যই বলা যায়, ভূতের ভবিষৎ একদমই আলাদা। ভারী কোনো কথা নেই। পরিচালক যা বলার সোজাসাপ্টা বলে দিয়েছেন। ছবিজুড়ে ওয়ান লাইনার জোকসের ছড়াছড়ি। এ কারণেই হয়তো অনেকে একাধিকবার সিনেমাটা দেখছেন। বাঙালি যে স্যাটায়ারে অনেক দক্ষতা অর্জন করেছে, তা এই ছবি দেখলেই বোঝা যায়। ছোট করে গল্পের কাঠামোটা বলা যেতে পারে। বিজ্ঞাপন নির্মাতা অয়ন উত্তর কলকাতার একটি পুরোনো বনেদি বাড়িতে শুটিংয়ের জন্য লোকেশন দেখতে গেছেন। ক্যামেরাম্যান পথে আটকা পড়ায় অপেক্ষা করছিলেন পরিচালক অয়ন। পুরোনো এই বাড়িতে অয়নের সঙ্গে আলাপ করতে উপস্থিত হন এক ভদ্রলোক। সেই ভদ্রলোক অয়নকে বলতে শুরু করেন চৌধুরী প্যালেসের গল্প। বাড়িটি করেছিলেন জমিদার দর্পনারায়ণ চৌধুরী। ডাকাতের পাল্লায় বেঘোরে প্রাণ হারিয়ে ভূত হয়ে আশ্রয় নিয়েছেন তাঁর নিজের প্রাসাদেই। সঙ্গে আছেন তাঁকে একদা রায় বাহাদুর উপাধি দেওয়া বুথ সাহেবের বন্ধু রামসে সাহেবের ভূত। আছেন ৪০-এর দশকের এক অভিনেত্রী কদলীবালার ভূত, ৭০-এর দশকের এক বিপ্লবী ভূত, যিনিও এই বাড়িরই ছেলে। এদিকে শহরে একের পর এক পুরোনো বাড়ি ভেঙে তৈরি হচ্ছে শপিং কমপ্লেক্স। বেচারা ভূতদের এখন মাথা গোঁজারও ঠাঁই নেই। শরিকদের সঙ্গে মামলা থাকায় চৌধুরী প্যালেসে এখনো হাত পড়েনি। তাই বাস্তুহারা ভূতেরা হাজির হয় এখানে। কিন্তু এত ভূতের জায়গা তো আর চৌধুরী প্যালেসে হবে না। ফলে বসানো হয় ইন্টারভিউ বোর্ড। পরীক্ষায় টিকে যায় ৪০-এর দশকের এক অম্লশূল বিক্রেতা, নবাব সিরাজদ্দৌলার বাবুর্চি, বিহারি রিকশাচালক, কার্গিল যুদ্ধে শহীদ মিলিটারি অফিসার, বাংলা ব্যান্ডের গিটারিস্ট ও শিল্পপতির আধুনিক কন্যা। সবাই মিলেমিশে থাকছিল ভালোই, কিন্তু এখানেও ঝামেলা পাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী গণেশ ভুতোরিয়া। শরিকদের মামলা শেষ হয়। চৌধুরী প্যালেস এখন তার দখলে। এখানে সে একটি মল বানাতে চায়। এর পরই শুরু হয় আসল সিনেমা। ছবিটার গল্প কিন্তু পুরোপুরি মৌলিক বলা যাবে না। বিটলজুস মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে। টিম বার্টনের পরিচালক। গল্পটা এ রকম—এডাম আর বারবারা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। ভূত হয়ে নিজের বাড়িতে ফিরে আসার পর দেখে তাদের প্রিয় বাড়িটি বিক্রি হয়ে গেছে। সেখানে থাকছে আরেকটি পরিবার। ভূতদের জগতে আছে মানুষ তাড়ানোর ওঝা, এর নাম বিটলজুস। বিটলজুস এসে মানুষ তাড়াতে নানা পরিকল্পনা করে।ভূতের ভবিষ্যতের কাহিনির মূল কাঠামো এ রকমই। তবে এখানে বুদ্ধিমত্তার সঙ্গে নানা ঘটনা যুক্ত করা হয়েছে। ফলে এটি বিটলজুসের মতো হরর কমেডি না হয়ে দারুণ একটি স্যাটায়ার মুভি হয়েছে।