কলকাতার মঞ্চে বাংলাদেশের শিল্পীরা
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপন উপলক্ষে দুই বাংলার রবীন্দ্রসংগীতের শিল্পীদের নিয়ে গত ১১ জুন ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল ‘বিশ্বে বাঙালি’ উৎসব। আজ একই উৎসব অনুষ্ঠিত হবে ভারতের কলকাতায়। আয়োজকদের পক্ষ থেকে শিল্পী লিলি ইসলাম জানান, কলকাতার জি ডি বিড়লা সভাঘরে স্থানীয় সময় বিকেল পাঁচটায় শুরু হবে ‘বিশ্বে বাঙালি’র দ্বিতীয় উৎসব। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, লিলি ইসলাম, শামা রহমান, সালমা আকবর, রোকাইয়া হাসিনা, সাজেদ আকবর, চঞ্চল খান ও হিমাদ্রি শেখর। নৃত্যে অংশ নেবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও নৃত্যনন্দন, আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। থাকছেন কলকাতার বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পীরাও। অনুষ্ঠানে প্রবীণ শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়কে আজীবন সম্মাননা দেওয়া হবে।অনুষ্ঠান উদ্বোধন করবেন কলকাতায় বাংলাদেশ দূতাবাসের উপরাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমান এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।লিলি ইসলাম বলেন, ‘কোনো রকম বাণিজ্যিক উদ্দেশ্য থেকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়নি। ভবিষ্যতে পৃষ্ঠপোষকদের সহযোগিতা পেলে দুই বাংলার শিল্পীদের নিয়ে ঢাকায় একাধিক দিনের অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা আমাদের আছে।’‘বিশ্বে বাঙালি’র দ্বিতীয় উৎসব আয়োজন করছে ঢাকার সুরোলোক এবং কলকাতার নব প্রতিশ্রুতি।