কলকাতার মাদলেরগল্প

‘হাওয়ার ওপর চলে গাড়ি/লাগে না পেট্রল-ডিজেল/মানুষ একটা দুই চাকার সাইকেল/...’ গত বছরের আগস্টে ইউটিউবে বাংলাদেশের এ লোকগানটি শোনার পর গায়কের সঙ্গে যোগাযোগ করেন। তবে জানতে পারেন, যিনি গেয়েছেন তিনি এর মূল গায়ক নন। ওই গায়ক দাবি করেন এ গান গাইতে হলে তাঁর কাছ থেকে স্বত্ব নিতে হবে। বুঝলেন, ওই পথে গেলে প্রকৃত তথ্য পাওয়া যাবে না। অনুসন্ধান চলতে থাকে। দুমাস পর যোগাযোগ করতে পারেন যশোরের গীতিকার সুরকার তাপস চৌধুরীর সঙ্গে। শুরুতে তিনিও জানাতে পারেননি যে মূল গায়ক কে? তবে তিন মাস পর একজনের খোঁজ দেন, যিনি গানটির আসল গায়ক সিলেটের বাউল মনির সরকারকে চেনেন। জনকণ্ঠ সাংবাদিক মোরসালিন মিজান এক মধ্যরাতে মুঠোফোনে ধরিয়ে দেন মনির সরকারকে। গত ২৬ নভেম্বর সেই মনির সরকারের সঙ্গেই একই মঞ্চে গান গাইলেন তাঁরা।
উচ্ছ্বসিত কণ্ঠে কথাগুলো বলছিলেন শিখা ভট্টাচার্য—কলকাতায় লোকগানের প্রথম মেয়েদের দল ‘মাদল’-এর অন্যতম কণ্ঠশিল্পী তিনি। ঋষিজ শিল্পীগোষ্ঠীর ৪০ বছর পূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ২৪ নভেম্বর ঢাকায় এসেছিল মাদল। ২৮ নভেম্বর সন্ধ্যায় কলকাতা ফিরে গেছে দলটি। মেয়েদের গান, মেয়েদের সুখ-দুঃখের কথা তুলে ধরতে কয়েকজন মিলে ২০০২ সালে গড়ে তোলেন এ লোকগানের দলটি। কলকাতায় অত্যন্ত জনপ্রিয় এ দলটি বছরব্যাপী মঞ্চ ও টিভিতে অনুষ্ঠান করে।
ঢাকার কাঁটাবনে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির ডরমিটরিতে উঠেছিলেন মাদলের শিল্পীরা। গত সপ্তাহে সকালে সেখানে প্রথম আলোর সঙ্গে আড্ডায় বাংলাদেশে গান গাওয়ার অভিজ্ঞতা ও আনন্দ ভাগ করে নিলেন মাদলের তিন সদস্য শিখা ভট্টাচার্য, শর্মিষ্ঠা চ্যাটার্জি ও শম্পা বিশ্বাস। মাদলেরও আর তিন শিল্পী সোনিয়া ঘোষ সেন, পলাশপ্রিয়া ভট্টাচার্য ও টুপশি চ্যাটার্জি এবার আসতে পারেননি। আর মাদলের পাঁচ যন্ত্রশিল্পীর মধ্যে শুধু দেবর্ষি মুখার্জি এসেছেন।
কেমন লাগল বাংলাদেশে? প্রশ্ন করতেই মাদলের তিন শিল্পী একই সঙ্গে বলে উঠলেন, ‘খুবই ভালো’।
লোকসংগীতের ওপর রবীন্দ্রভারতীতে এমএ ডিগ্রিধারী শিখা ভট্টাচার্য বলেন, ‘এর আগে ঋষিজের এক অনুষ্ঠানে ২০০৫ সালে এসেছিলাম বাংলাদেশে। তবে এবারের প্রাপ্তি প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। বাউল মনির সরকারের সঙ্গে দেখা হওয়াটা অনেক বড় অর্জন। মঞ্চে তাঁকে দেখে ছুটে গিয়ে প্রণাম করেছি। তিনি গান গাওয়ার সময় আমরা তাঁর সঙ্গে দাঁড়িয়েছিলাম। এবার দুর্গাপূজা উপলক্ষে বের হওয়া আমাদের সর্বশেষ “কিয়াফুল” অ্যালবামে মনির সরকারের দেহতত্ত্ব গানটি রাখা হয়েছে। গানটি বের করার আগে তাঁর অনুমতি নিয়েছি। এমনকি সুর ঠিক হয়েছে কি না, সেটা যাচাইয়ে তাঁকে গানটি গাইয়ে শুনিয়েছি।’
এক গানের পেছনে এতটা শ্রম? এবার জবাব দিলেন শম্পা বিশ্বাস। তিনি বলেন, ‘আমরা প্রায় সব লোকগানের ক্ষেত্রে উৎস সন্ধান করি। এ ধরনের গান পাওয়ামাত্রই এর আদিম ও শুদ্ধ সুর ধরে রেখে গাওয়ার চেষ্টা করি। এই স্বাতন্ত্র্যের কারণেই লোকে মাদলের গান শুনতে পছন্দ করে। লোকগানগুলোর গায়কিতে বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী। কলকাতায় যাঁরা লোকগান করেন, তাঁরাও গায়কির ক্ষেত্রে বাংলাদেশকে অনুসরণ করেন।’
বিষয়টিকে সমর্থন দিয়ে আরেক শিল্পী শর্মিষ্ঠা চ্যাটার্জি বলেন, ‘ইউটিউবের সুবাদে বাংলাদেশের লোকগানগুলো নিয়মিত শুনি। অনেকেই জনপ্রিয় কিছু গানে আধুনিকতার ছোঁয়া দেন। তবে মাদল সব সময় সাবেকিয়ানা পছন্দ করে।’
এ প্রসঙ্গে যোগ দিয়ে শম্পা বিশ্বাস বললেন, ‘এখন বেশ কিছু জনপ্রিয় লোকগানে ফিউশন করা হয় এবং সেগুলো বেশ জনপ্রিয়ও হয়। এতে সবচেয়ে বড় বিপদ হচ্ছে, নতুন প্রজন্মের অনেকে আসল গানটি কেমনভাবে গাওয়া হতো সেটাই জানতে পারেন না। তাঁরা ফিউশন গানটি শুনে এতটাই অভ্যস্ত হন যে, মূল গানটি কোথাও শুনলে ভাবেন এটা হয়তো ঠিকভাবে গাওয়া হয়নি।’
বাংলাদেশ থেকে কেমন সাড়া পান, জানতে চাইলে মাদলের তিন শিল্পী বলেন, এপার-ওপার দুই বাংলার গানই গান তাঁরা। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের গানগুলো বাংলাদেশের শ্রোতারা শুনতে খুব পছন্দ করেন। যেকোনো অনুষ্ঠানে গেলেই এই গানের অনুরোধ আসে। চমক দেওয়া তথ্য দিলেন আড্ডার শেষ দিকে। জানালেন, শিখা ও শম্পার আদি বাড়ি বরিশালে। আর শর্মিষ্ঠার আদি বাড়ি ফরিদপুরে। এখানে অনেক আত্মীয়ও থাকেন।