কলকাতার রবীন্দ্র সদনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

সত্যিই যেন দু’ঘণ্টার জন্য কলকাতার সংস্কৃতিকেন্দ্র রবীন্দ্র সদন হয়ে উঠেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক টুকরো যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রই স্মরণ করিয়ে দিয়েছে সেদিনের সেই রক্তস্নাত একাত্তরের মুক্তিযুদ্ধের নানা দিনগুলোর কথা। হ্যাঁ, সোমবার বিকেল সোয়া তিনটায় এই রবীন্দ্র সদনেই প্রদর্শিত হয়েছিল কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘সংগ্রাম’। দু’ঘণ্টার এই চলচ্চিত্র যেন বশ করে রেখেছিল প্রেক্ষাগৃহ ভর্তি কলকাতার দর্শকদের। কখনো দর্শকেরা উত্তেজনায় কেঁপেছেন, কখনো নৃশংস বর্বর এই হত্যাকাণ্ডে চোখের পানি ছেড়েছেন, কখনো জয়ের আনন্দে আনন্দাশ্রু বর্ষণ করেছেন। সত্যিই এমনই ছিল সোমবারের বিকেলের রবীন্দ্র সদনের পরিবেশ।
ছবি প্রদর্শনীর পর কথা হয় একজন দর্শকের সঙ্গে। শুভজিৎ মণ্ডল বিশ্ববিদ্যালয়ে পড়েন। মুক্তিযুদ্ধের ছবি দেখতে এসেছেন। বললেন, আমার বাপদাদাদের আদি বাসস্থান ছিল বাংলাদেশে। মুক্তিযুদ্ধের সময় তাঁরা পালিয়ে এসেছেন।

তাঁরাই বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের নানা কাহিনি শুনিয়েছেন আমাকে। তাই সেই মুক্তিযুদ্ধের ছবি দেখতে আমি ছুটে গিয়েছিলাম। ছবি দেখে স্তম্ভিত হয়ে গিয়েছি। এত বর্বরতা চালিয়েছে পাক সেনারা! ভাবতে পারছি না। তিনি বলেন, ‘তাই তো আমি কখনো উত্তেজনায় কেঁপেছি, সাধারণ মানুষের হত্যা দেখে অশ্রুসিক্ত হয়েছে আমার চোখ। আবার যুদ্ধজয়ের আনন্দে অনুপ্রাণিত হয়েছি। এ ছবিই আমাকে মুক্তিযুদ্ধের নানা কাহিনির দ্বার খুলে দিয়েছে।
ছবির পরিচালক মনসুর আলী ছবি প্রদর্শনের আগে মঞ্চে উঠে দর্শকদের বলছিলেন, আমি মুক্তিযুদ্ধের কথা শুনে অনুপ্রাণিত হয়েছি। তাই তৈরি করেছি ‘সংগ্রাম’। ভালো লাগলে আমার শ্রম সার্থক হবে।
এদিন দুপুর দুটায় আরেকটি প্রেক্ষাগৃহ শিশির মঞ্চে দেখানো হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক আরেকটি চলচ্চিত্র ‘অমি ও আইসক্রিম অ’লা’। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও সুমন ধর পরিচালিত এই ছবিটিও মন কেড়ে নিয়েছে কলকাতার দর্শকদের। এ ছবিতে আবুল হায়াত, তারিক আনাম, জয়ন্ত চট্টোপাধ্যায়ের অভিনয়ে মুগ্ধ কলকাতার দর্শক। মোটকথা এ দুটি ছবিই কলকাতাবাসীর মন জয় করে নিয়েছে, প্রশংসা কুড়িয়েছে।
‘অমি ও আইসক্রিম অ’লা’ ছবিটি প্রদর্শনের আগে পরিচালক সুমন ধর জানিয়েছেন, এটি তাঁর জীবনের প্রথম ছবি। বিদেশের প্রেক্ষাগৃহেও প্রথম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ ছবিটি ভালো লাগলে আমি খুশি হব।