প্রয়াত মান্না দের চিতাভস্ম আজ কলকাতায় নিয়ে আসছেন তাঁর মেয়ে সুমিতা দেব। জানা গেছে, আজ দিনের কোনো এক সময় কলকাতার হাওড়া ব্রিজের পাশে বাবুঘাটে গঙ্গা নদীতে মান্না দের চিতাভস্ম বিসর্জন দেবেন তিনি। সম্প্রতি সুমিতা দেব তাঁর নিরাপত্তা চেয়ে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের মহাপরিচালককে একটি চিঠি দিয়েছেন।
এদিকে গত ২৬ অক্টোবর পারিবারিক নিয়ম মেনে বেঙ্গালুরুর অদূরে টিপু সুলতানের স্মৃতিবাহী শহর শ্রীরঙ্গপত্তনার পাশে কাবেরী নদীতে প্রয়াত মান্না দের অস্থি ও চিতাভস্মের কিছু অংশ বিসর্জন দেওয়া হয়।
মান্না দের মৃত্যুর পর তাঁর চিতাভস্ম কলকাতায় এনে শেষ শ্রদ্ধা জানানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে ওই সময় সায় দেননি সুমিতা দেব। গত ২৪ অক্টোবর বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে মারা যান মান্না দে।