কলকাতায় আনিসুজ্জামানের গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের ৫০ বছরের গবেষণালব্ধ প্রবন্ধ থেকে বেছে নেওয়া ৪০টি প্রবন্ধের একটি সংকলন ইহজাগতিকতা ও অন্যান্যর আনুষ্ঠানিক প্রকাশনা হলো গতকাল শুক্রবার সন্ধ্যায় কলকাতার জাতীয় জাদুঘরের আশুতোষ মিলনায়তনে। বইটির মোড়ক উন্মোচন করেন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। এর পরই সুনীল গঙ্গোপাধ্যায় বইটি তুলে দেন আনিসুজ্জামানের হাতে এবং দুজনে শুভেচ্ছা বিনিময় করেন। বইটি প্রকাশ করেছে কলকাতার প্রকাশনা সংস্থা কারিগর।প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কথাশিল্পী সেলিনা হোসেন, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম, জাতীয় গ্রন্থাগারের মহাপরিচালক অধ্যাপক স্বপন চক্রবর্তী, অধ্যাপক শিবাজী বন্দ্যোপাধ্যায় প্রমুখ।৪০০ পাতার বইটির দাম ৪৫০ রুপি। কারিগরের কর্ণধার দেবাশিস গাউ প্রথম আলোকে বলেছেন, ‘বাংলাদেশের এই প্রথিতযশা লেখকের বইটি প্রকাশ করতে পেরে আমরা গর্বিত।’ প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের আলোচনায় বলেন, অধ্যাপক আনিসুজ্জামান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি শুধু বাংলাদেশেরই নন, তিনি সমগ্র বাংলা সাহিত্যের গর্ব। আনিসুজ্জামান প্রকাশনা উত্সবে বলেন, কলকাতা থেকে তাঁর এই গ্রন্থ প্রকাশিত হওয়ায় তিনি আনন্দিত।