কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৭ জানুয়ারি
কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৭ জানুয়ারি। ওই দিন বিকেলে রাজ্য সচিবালয় নবান্নর সভাঘরে এই চলচ্চিত্র উৎসবের ভার্চ্যুয়াল উদ্বোধেন হবে বিকেল সাড়ে চারটায়। উদ্বোধন করতে পারেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। উৎসব শেষ হবে ১৪ জানুয়ারি। আজ বিকেলে শিশির মঞ্চ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র উৎসব কমিটির কর্মকর্তা মন্ত্রী ইন্দ্রনীল সেন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু বসু, অভিনেতা অরিন্দম শীল, পরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চক্রবর্তী এই উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করেন।
করোনার আবহের মধ্যেই গত বছরও ভার্চ্যুয়ালে কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছিল। কলকাতার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৯৯৫ সাল থেকে চলে আসছে।
এবার এই উৎসব ২৭ বছরে পা দিয়েছে। গত বছর ভার্চ্যুয়ালে এই উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা ও পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র তারকারা উপস্থিত থাকবেন। এবার এই উৎসবের থিম কান্ট্রি ফিনল্যান্ড। এই উৎসবের উদ্বোধনী ছবি প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ১৯৭০ সালে নির্মিত ‘অরণ্যের দিনরাত্রি’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও শর্মিলা ঠাকুর।
উৎসবে ৪২টি দেশের ১৬১টি ছবি অংশ নিচ্ছে। ছবির মধ্যে রয়েছে ১০৩টি ফিচার ফিল্ম ও ৫৮টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। ৭১টি দেশের ১ হাজার ৬৯৮টি ছবি থেকে ১৬১টি ছবি বাছাই করা হয়েছে। উৎসব শেষ হবে ১৪ জানুয়ারি। এবারও উৎসবে দেওয়া হবে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা স্বল্পদৈর্ঘের ছবি ও সেরা ডকুমেন্টারি ছবির পুরস্কার দেওয়া হবে।
গত বছর এই উৎসবে যোগ দিয়েছিল দেশ–বিদেশের ৮১টি ছবি ও ৫০টি স্বল্পদৈর্ঘের ছবি। বাংলাদেশ থেকে যোগ দিয়েছিল রেজওয়ান শাহরিয়ারের ছবি ‘নোনা জলের কাব্য’।
গত বছর ৮ জানুয়ারি বিকেল চারটায় পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নর সভাঘরে ভার্চ্যুয়ালে কলকাতার এই ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বলিউড তারকা ও পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বেসডর শাহরুখ খান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতবার উৎসবের উদ্বোধনী ছবি ছিল সত্যজিৎ রায়ের পরিচালিত ও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘অপুর সংসার’। এর আগের বছর ছিল সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’।