কলকাতায় ইন্দো-বাংলা সিলেট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বৃহত্তর সিলেট এলাকার ব্যক্তিদের সম্মেলন। ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় তিন দিনের ওই সম্মেলন উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কলকাতার যোধপুর হাইস্কুল মাঠে দুই দেশের জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হবে এ উৎসব।
ঢাকায় বসবাসরত সিলেটের মানুষদের সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’ ও ‘দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন’র যৌথ উদ্যোগে ‘ইন্দো-বাংলা সিলেট উৎসব’ নামে এ আয়োজন উৎসর্গ করা হচ্ছে বাউল সম্রাট শাহ আবদুল করিমকে। আবদুল করিমের কালজয়ী গান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ এই উৎসবের থিম হিসেবে রাখা হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকুর মজিদ জানান, এ উৎসবে অংশ নিতে ৬০ সদস্যের একটি সাংস্কৃতিক দল সেখানে গেছে। দলে সুবীর নন্দী, সেলিম চৌধুরী, শুভ্রদেব, শাম্মী আক্তারসহ আরও অনেক জনপ্রিয় শিল্পীও আছেন। এ উৎসবে অংশ নিতে যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে সিলেটিরা এসে জড়ো হয়েছেন কলকাতায়।