কলকাতায় উত্তম চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানায়ক উত্তমকুমারের আজ ৩১তম প্রয়াণ দিবস। ১৯৮০ সালের এই দিনে ৫৩ বছর বয়সে তিনি প্রয়াত হন। মহানায়কের এই প্রয়াণ দিবস ঘিরে কলকাতায় আজ শুরু হচ্ছে ‘উত্তম চলচ্চিত্র উৎসব’। কলকাতার উত্তম মঞ্চ এবং স্টার থিয়েটার হলে এই উৎসব চলবে ৩০ জুলাই পর্যন্ত। উৎসবে দুটি প্রেক্ষাগৃহে প্রতিদিন উত্তমকুমার অভিনীত দুটি করে ছবি দেখানো হবে। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। উৎসব আয়োজন করেছে শিল্পী সংসদ ও সংবাদ প্রতিদিন। এদিকে আজ রোববার টালিগঞ্জের ট্রাম ডিপোর কাছে মহানায়ক উত্তম কুমারের মূর্তির পাদদেশে উত্তম স্মৃতি সংসদ এক অনুষ্ঠান আয়োজন করেছে। এখানে ভক্তরা পুষ্পমাল্য অর্পণ করবেন মহানায়কের মূর্তিতে। সন্ধ্যায় কলকাতার তপন থিয়েটার হলে দেওয়া হবে উত্তম কলারত্ন পুরস্কার। এই অনুষ্ঠানের আয়োজন করেছে চলচ্চিত্র প্রচার ও প্রসার সমিতি। চলচ্চিত্র ও সংগীতাঙ্গনে অবদান রাখার জন্য দেওয়া হচ্ছে এই পুরস্কার।