কলকাতায় একই মঞ্চে আজ অমিতাভ, মিঠুন ও শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম কলকাতার কোনো মঞ্চে একসঙ্গে দেখা যাবে বলিউডের তিন জনপ্রিয় তারকা—অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী ও শাহরুখ খানকে। আজ শনিবার কলকাতায় শুরু হচ্ছে ১৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১০ দিনের এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন এই তিন তারকা। আর অতিথি হিসেবে থাকবেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। আজ বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানটি হবে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। আয়োজকদের মতে, অমিতাভ বচ্চন কলকাতার জামাই, মিঠুন চক্রবর্তী কলকাতার ছেলে আর শাহরুখ খান পশ্চিমবঙ্গ রাজ্যের শুভেচ্ছাদূত। এই তিন তারকাকে একসঙ্গে একই মঞ্চে দেখার জন্য অধীর আগ্রহে আছে কলকাতাবাসী। এবার কলকাতা উৎসবে যোগ দিচ্ছে বিশ্বের ৬০টি দেশের ১২০ জন পরিচালকের ১৮০টি ছবি। উদ্বোধনী ছবি ইরানের পরিচালক আসগর ফরিদির নাদের অ্যান্ড সিমিন, এ সেপারেশন। উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের দুটি ছবি—শাহনেওয়াজ কাকলির উত্তরের সুর ও সৈয়দ অহিদুজ্জামানের অন্তর্ধান এবং দুটি প্রামাণ্যচিত্র তানভীর মোকাম্মেলের জাপানি বধূ ও অয়ি যমুনা। উৎসবের অংশ সিনে সেন্ট্রাল আয়োজিত উৎসবে দেখানো হবে বাংলাদেশের আরও দুটি ছবি—হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা এবং মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ। সিনে সেন্ট্রালের উৎসবে যোগ দিচ্ছে ২৬টি দেশের ৭৪টি ছবি।