কলকাতায় কদর বাড়ছে জয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান কলকাতার মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন। ‘আবর্ত’ নামের ছবিটি এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। পরিচালক সূত্রে জানা গেছে, সামনের পূজায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মুক্তির আগেই ‘আবর্ত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে কলকাতায় জয়া আহসান আলাদা একটা চাহিদা তৈরি করতে সক্ষম হয়েছেন। বলা যায় ‘আবর্ত’ ছবিটির মধ্য দিয়ে কলকাতায় জয়ার কদর বাড়তে শুরু করেছে।‘আবর্ত’ ছবির পরিচালক অরিন্দম শীল টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্কারেও কলকাতার ছবিতে জয়ার কদর বাড়ার বিষয়টি জানিয়েছেন। সাক্ষাত্কারে পরিচালক অরিন্দম শীল বাংলাদেশি অভিনেত্রী জয়ার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি বলেন, সম্প্রতি জয়া কলকাতায় এসেছিলেন বাংলাদেশি একটি পণ্যের প্রচারণার কাজে। সে সময়ই তিনি ‘আবর্ত’ ছবিটি দেখেন। তিনি আরও বলেন, ‘জয়ার অভিনয়ের পরিধি দেখে আমি রীতিমতো তাজ্জব হয়েছি। একই সঙ্গে দারুণ বুদ্ধিদীপ্ত আর সপ্রতিভ ও। এক কথায়, জয়া গুণী একজন অভিনয়শিল্পী।’ এদিকে জয়া আহসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটা ঠিক যে আবর্ত ছবির পর কলকাতার আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে। তবে আমি কিন্তু অপেক্ষা করছি আবর্তের ফলাফলের ওপর। ছবিটির মুক্তির পরই সিদ্ধান্ত নেব কোন ছবিগুলোতে কাজ করব।’জানা গেছে, আবর্ত ছবিতে জয়ার চরিত্রটির নাম চারু। রবীন্দ্রনাথের নষ্টনীড় অবলম্বনে সত্যজিত্ রায়ের চারুলতার সঙ্গে আবর্ত ছবির চারুর অন্ত্যমিল খুঁজে পাওয়া যাবে। তবে অরিন্দম তাঁর নিজের মতো করে এখনকার প্রেক্ষাপটে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের চরিত্রগুলোকে পুনর্নির্মাণ করেছেন। চরিত্রগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক ঘিরেই আবর্ত ছবির গল্প।