কলকাতায় কবিতা থেকে নৃত্য

অমিত চৌধুরী ও তাঁর দল
অমিত চৌধুরী ও তাঁর দল

রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি কবিতাগুচ্ছ ‘ফায়ারফ্লাইজ’ অবলম্বনে নৃত্য প্রযোজনা করেছে ঢাকার সাংস্কৃতিক সংগঠন সাধনা। কলকাতার ‘নবদিশা ২০১৮’ নৃত্য উৎসবে এটি পরিবেশন করছে সংগঠনটি। কলকাতার সত্যজিৎ রায় মিলনায়তনে আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার দুই দিনের এ উৎসবের আয়োজন করেছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন উপাসনা নৃত্য কেন্দ্র।

জাপানি কবিতা হাইকুর আদলে ফায়ারফ্লাইজের কবিতাগুলো লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাপানি ভক্তদের জন্য তাঁদের ব্যবহৃত হাতপাখার ওপর তিনি এ কবিতাগুলো লিখতে শুরু করে। পরে সেগুলো নিয়ে প্রকাশিত হয় ইংরেজি কাব্যগ্রন্থ ‘ফায়ারফ্লাইজ’। কাব্যগ্রন্থের নির্বাচিত কিছু কবিতা দিয়ে সাজানো হয়েছে নৃত্য প্রযোজনাটি। কলকাতার এ উৎসবে নাচ করবেন অমিত চৌধুরী, সুইটি দাস, আনন্দিতা, সিনথিয়া ইয়াসমিন, আরিফুল অর্ণব, অর্থী আহমেদ, মাহবুব, আনিকা, নয়ন ও প্রজ্ঞা।

২০১২ সালে প্রথম ঢাকায় মঞ্চস্থ হয় ‘ফায়ারফ্লাইজ’ নৃত্যটি। সে বছর দিল্লিতে উপস্থাপনের পর বিপুল প্রশংসা কুড়ায় সেটি। ‘ফায়ারফ্লাইজ’-এর পরিকল্পনা করেছিলেন মার্কিন নৃত্যশিল্পী কোর্টনি সাটো। পরিচালনায় অমিত চৌধুরী, সংগীত পরিচালনায় নির্ঝর চৌধুরী এবং শিল্পনির্দেশনা লুবনা মারিয়াম।