কলকাতায় কিশোর স্মৃতিমন্দির
আজ বুধবার গায়ক কিশোর কুমারের ৮১তম জন্মদিন। এই প্রবাসী বাঙালি শিল্পীর জন্ম ১৯২৯ সালের ৪ আগস্ট মধ্যপ্রদেশের খান্ডালায় হলেও জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন মুম্বাইয়ে। সেই প্রখ্যাত সংগীতশিল্পী, অভিনেতা, চিত্রপরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার কিশোর কুমারের ৮১তম জন্মদিনে আজ সকালে কলকাতার টালিগঞ্জের ছবিপাড়ায় মহানায়ক উত্তমকুমারের মূর্তির অদূরেই উদ্বোধন করা হয়েছে কিশোর স্মৃতিমন্দিরের। স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাসের উদ্যোগে তৈরি হয়েছে এই স্মৃতিমন্দিরটি। একটি মাটির প্রদীপের আদলে গড়া হয়েছে মন্দিরটি। সেখানে রয়েছে কিশোর কুমারের একটি পূর্ণাবয়ব মূর্তি। এটিই ভারতের প্রথম কিশোর স্মৃতিমন্দির।এই স্মৃতিমন্দিরের গায়ে কিশোর কুমারের জনপ্রিয় গানের প্রথম কলি উত্কীর্ণ রয়েছে। রয়েছে নানা ছবি। ২৪ ঘণ্টাই প্রদীপের ন্যায় জ্বলজ্বল করছে মন্দিরটি। আজ এক অনুষ্ঠানের পর স্মৃতিমন্দিরটি খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য। কিশোর স্মৃতিমন্দির উদ্বোধন করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন চিত্রপরিচালক গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, প্রভাত রায়, অভিনেতা রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, প্রসেনজিত্, দেব, চিত্রনায়িকা রচনা, সংগীতশিল্পী মনোময় ভট্টাচার্যসহ টালিগঞ্জের নামীদামি শিল্পী ও কলাকুশলীরা। ১৯৮৭ সালের ১৩ অক্টোবর ৫৮ বছর বয়সে কিশোর কুমারের জীবনাবসান হয়।এদিকে আজ সন্ধ্যায় কর্নাটকের মেঙ্গালোর শহরের টাউনহলে কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের। এ ছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।