কলকাতায় কিশোর স্মৃতিমন্দির
কিশোরকুমারের ৮১তম জন্মদিন ছিল গতকাল বুধবার। এই প্রবাসী বাঙালির জন্ম ১৯২৯ সালের ৪ আগস্ট মধ্যপ্রদেশের খান্ডালায় হলেও জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন মুম্বাইয়ে। সেই প্রখ্যাত সংগীতশিল্পী, অভিনেতা, চিত্রপরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার কিশোরকুমারের জন্মদিনে গতকাল কলকাতার টালিগঞ্জের ছবিপাড়ায় মহানায়ক উত্তমকুমারের মূর্তির অদূরেই উদ্বোধন করা হয়েছে কিশোর স্মৃতিমন্দিরের। কিশোরভক্তদের উদ্যোগে তৈরি হয়েছে স্মৃতিমন্দিরটি। একটি মাটির প্রদীপের আদলে গড়া হয়েছে এই স্মৃতিমন্দির। রয়েছে এখানে কিশোরকুমারের একটি পূর্ণাবয়ব মূর্তি। জানা গেছে, এটিই ভারতের প্রথম কিশোর স্মৃতিমন্দির।এই স্মৃতিমন্দিরের গায়ে কিশোরকুমারের জনপ্রিয় গানের প্রথম কলি উৎকীর্ণ রয়েছে। রয়েছে নানা ছবি। ২৪ ঘণ্টাই প্রদীপের মতো জ্বলজ্বল করছে স্মৃতিমন্দিরটি। গতকাল একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কিশোর স্মৃতিমন্দির খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের দর্শনের জন্য। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিগঞ্জের নামীদামি শিল্পী ও কলাকুশলীরা। মাত্র ৫৮ বছর বয়সে কিশোরকুমারের জীবনাবসান হয় ১৯৮৭ সালের ১৩ অক্টোবর।এদিকে এ দিন কর্ণাটকের ম্যাঙ্গালোর শহরের টাইন হলে কিশোরকুমারের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের।