কলকাতায় নজরুল পুরস্কার পেলেন ফিরোজা বেগম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নজরুলজয়ন্তী উপলক্ষে গতকাল শুক্রবার থেকে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। গতকাল বিকেলে কলকাতায় নজরুল মঞ্চে নজরুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উৎসবের অংশ হিসেবে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী ফিরোজা বেগমকে নজরুলসংগীতে বিশেষ অবদান রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ নজরুল পুরস্কার-২০১২ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরোজা বেগমের হাতে তুলে দেন এই পুরস্কার। মমতা শিল্পীকে পরিয়ে দেন উত্তরীয়। এ সময় আবেগে আপ্লুত ফিরোজা বেগম জড়িয়ে ধরেন মুখ্যমন্ত্রীকে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিত্বের নামাঙ্কিত আরও ২৪টি পুরস্কার তুলে দেওয়া হয় বিশিষ্টজনদের।নজরুল মঞ্চ ছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ ও মোহর কুঞ্জে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘নজরুল তীর্থের’ ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। ইন্দিরা ভবনের পরিবর্তে এটি গড়ে তোলা হচ্ছে রাজারহাটে রবি তীর্থের পাশেই। এখানে হবে নজরুল একাডেমী, সংগ্রহশালা ও আন্তর্জাতিক মানের নজরুল গবেষণাকেন্দ্র। মমতা বলেন, ‘নজরুল ইসলাম আজ বাংলাদেশ আর আমাদের সম্পদ নন, বিশ্বের সম্পদ।’ তিনি কবি নজরুলের জন্মভিটা আসানসোলে নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও ঘোষণা দেন।চুরুলিয়ায় নজরুল মেলা: এদিকে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মভিটা চুরুলিয়া গ্রামে ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুরু হয়েছে আট দিনব্যাপী নজরুল মেলা। এবার এই মেলা ৩৫ বছরে পা দিয়েছে। ভোরবেলা প্রভাতফেরির মাধ্যমে সূচনা হয় দিনটির। এরপর নজরুলভক্তরা কবির আবক্ষ মূর্তি ও স্মৃতিসৌধ এবং কবিপত্নী প্রমীলা নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আট দিনের এই উৎসবের কর্মসূচিতে রয়েছে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, নাটক এবং নজরুল মেলা। অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের শিল্পীরা যোগ দিচ্ছেন। এদিকে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এ দিনটি উদ্যাপন করে নানা কর্মসূচি দিয়ে। কলকাতার শিশির মঞ্চে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।