
সেই নুরুলদীনের সারা জীবন বা সৈয়দ শামসুল হকের নাটক প্রথম ভারতের মঞ্চে এল ২৫ আগস্ট, ভারতের সবচেয়ে ঐতিহ্যবাহী একাডেমি মঞ্চে। নাটকটি মঞ্চে আনল কিশোর সেনগুপ্ত ও তাঁর দল কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র।
অনেক বছর ধরেই ভারতের নাট্যবন্ধুদের হক ভাইয়ের নাটক সমগ্র উপহার দিয়ে আসছিলাম। সুপ্ত বাসনা ছিল ভারতের বন্ধুরাও আমাদের নাটক, হক ভাইয়ের নাটক করুক। একদিন কিশোর সেনগুপ্ত ফোনে জানালেন নুরুলদীনের সারা জীবন তাঁর ভালো লেগেছে। তিনি করবেন। হক ভাইয়ের অনুমতি চান এবং রংপুর যেতে চান। আমি স্বাগত জানালাম। হক ভাইয়ের সঙ্গে কথা বললাম এবং কিশোরদাকে আসতে বললাম। এ বছরের ১৭ জানুয়ারি নির্দেশক কিশোর সেনগুপ্ত ও দীপঙ্কর (নুরুলদীন চরিত্রের অভিনেতা) ঢাকায় এলেন। আমি আর নূনা আফরোজ তাঁদের হক ভাইয়ের বাসায় নিয়ে গেলাম। সানন্দে মিলল অনুমতি, বাড়তি মিলল দেড় ঘণ্টার প্রাণ-প্রাচুর্যে ভরা আড্ডা। হক ভাই নাটক লেখা থেকে শুরু করে তাঁর নানা ভাবনা আর অভিজ্ঞতা উজাড় করে দিলেন আমাদের।
নুরুলদীনের মাটির গন্ধ নিতে ১৯, ২০ জানুয়ারি আমরা কাটালাম রংপুরে, সঙ্গী হলো সামসুল আর তপু। অতঃপর তাঁরা ফিরে গেলেন ভারতে। ফোন আর ফেসবুকের মাধ্যমে প্রায়ই জানতাম নুরুলদীনের সঙ্গে কিশোর সেনগুপ্ত আর কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের ৩৬ জন সারথির জঙ্গ শুরু হয়েছে, জঙ্গ চলছে, জঙ্গ জমে উঠেছে।
আগস্ট মাসের প্রথম সপ্তাহে কলকাতা, মুর্শিদাবাদ, শান্তিপুর হয়ে ওই ৭ আগস্ট পৌঁছে গেলাম কল্যাণী। কৃষক নেতা গেরিলা নুরুলদীন-এর মহড়া দেখাবে বলে ওই দিন সন্ধ্যায় তৈরি ছিল কিশোরদার গেরিলা বাহিনীও। মহড়া দেখার পর আঁচ করেছিলাম সাংঘাতিক কিছু একটা ঘটানোর সৎ এবং সাহসী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিশোর বাহিনী।
১৭ সেপ্টেম্বরে কলকাতার একাডেমি মঞ্চে নুরুলদীনের সারা জীবন দেখতে ভারতের বিভাস চক্রবর্তী, প্রকাশ ভট্টাচার্য (নির্দেশক, অভিনেতা, সংগঠক), এ সময়ের উল্লেখযোগ্য নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়, বাংলাদেশের নূনা আফরোজ, আহমেদ ইকবাল হায়দার, রামিজ রাজুসহ উপস্থিত ছিলেন দুই বাংলারই অনেক উল্লেখযোগ্য নাটকের মানুষ। এ লেখায় আমি তাঁদের মধ্য থেকে দুই বাংলারই বিশিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে তাঁদের অনুভূতির অনুবাদ আর অনুলিখনই পৌঁছে দিতে চাইছি পাঠককে এবং মোহর ঝরা সোনার কলমওয়ালা আমাদের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে।
নুরুলদীনের সারা জীবন আমি তো অনেক বছর আগে দেখেছি। বাংলাদেশের ‘নাগরিক’-এর অসাধারণ প্রযোজনা। বন্ধুরা সব তখন বাংলাদেশের নাটকে জ্বলজ্বল করা মানুষ। আলী যাকের, আসাদুজ্জামান নূর, সারা যাকের। সৈয়দ শামসুল হক তখনো তত কাছের নন—পরে জমেছে বন্ধুত্ব। ইতিহাস খুঁড়ে বের করে আনা এক পরম সত্য, তাও আবার কাব্যে। ওই রকম একটা ফর্মে এত ভালো অভিনয় ভাবা যায় না!
নুরুলদীনের আলাদা মূল্য আছে বাংলাদেশের মানুষের কাছে। বারবার লড়াইয়ের মধ্যদিয়ে বেড়ে ওঠা, টিকে থাকা মানুষেরা ইতিহাসকে বারবার ব্যাখ্যা করতে চায়। আমাদের এখানে সে প্রবণতা কম। পেছনে ফিরে তাকাতে চায় না, উদাসীন। এখানে কতটা ছোঁবে জানি না। আমাকে ভীষণ ছুঁয়ে গেছে ওঁদের নুরুলদীন। বিশেষ করে নুরুলদীনের জীবনে যখন ঢুকে যাই ওর ব্যক্তিজীবন আর কৃষক বিদ্রোহের নেতার বাস্তবতা, স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, বন্ধু আব্বাসের সঙ্গে দ্বন্দ্ব, আবার নিজের সঙ্গেও দ্বন্দ্ব এবং নুরুলদীনের বীভত্স অতীত। দীপঙ্কর তো যিশুখ্রিষ্টের সারল্য নিয়ে বাঘের মতো অভিনয়টা করেছে। দারুণ ছুঁয়ে যায়। গুডল্যাড, লিসবেথ কোরাস টিম—সবই ভালো। কিশোর-এর প্রযোজনার একটা ইমপ্যাক্ট আছে।
নাটকটি নিয়ে নানাজন যা বলেছেন
বিভাস চক্রবর্তী
হক (সৈয়দ শামসুল হক)-এর মতো মানুষ হয় না, স্রষ্টা হয় না। শুধু আমার হ্যামলেট নাটক দেখতে চলে এলেন কলকাতায়। ওঁকে আরও অনেক দরকার ছিল বাংলা থিয়েটারে।
আশিষ গোস্বামী
এ রকম একটি অসাধারণ কাব্য নাট্য পশ্চিমবঙ্গের নাট্যদলগুলো এত দিন কেনো আবিষ্কার করতে পারল না ভেবে লজ্জা হচ্ছে। এ নাটক যুগে যুগে কালে কালে হতে পারে। এ এক আশা জাগানিয়া নাট্য।
আহমেদ ইকবাল হায়দার
কলকাতার অনেক দলের নাটক দেখে বিরক্ত হই। কলকাতার বাইরের দলের কাজ দেখে ধাক্কা খেলাম। বাংলাদেশে আগে দেখেছি, পড়েছি। ওঁদের প্রযোজনা ভঙ্গি ভিন্নতর। অনুভব করলাম সবাইকে মুগ্ধ করেছে। নুরুলদীনের লিসবেথ-কোরাস টিম অসাধারণ।
নূনা আফরোজ
ওপার বাংলায় নুরুলদীনের পুনর্জন্ম ঘটালেন কিশোর সেনগুপ্ত এবং তাঁর দল। নাটকের ভাষা, শরীরের ভাষা, মনের ভাষা, চোখের ভাষা যেন এক সুতোয় গাঁথা হয়ে গেছে। ভাষাটা যেহেতু ওদের জন্য সহজবোধ্য নয়, তাই শঙ্কা ছিল মনে কিন্তু ওদের শরীরের ভাষাও যেন প্রতিটি শব্দের অর্থ খুঁড়ে বের করেছে। তবে কোরাস এবং আরও দু-একজনের স্পষ্টতা প্রয়োজন। ভাষাটা দুর্বোধ্য বলেই দর্শককে আরও একটু পরিষ্কার করে ধরিয়ে দিলে ভালো হয়। আব্বাস চরিত্রটি নিয়ে আরও একটু ভাবা যেতে পারে। অসাধারণ প্রযোজনা, আমি মুগ্ধ। জয় হোক বাংলা থিয়েটারের।
অংশুমান ভৌমিক
সমকালীন বাংলা নাট্যে দুই বাংলায় যে ভেদরেখা তৈরি হয়েছে কিশোর সেনগুপ্ত তা ভেঙে চুরমার করলেন। বাংলাদেশে যদি নুরুলদীন হয় বঙ্গবন্ধু, আমাদের এখানে কাঁনু, সিধু বা তিতুমীর।