কলকাতায় পড়শী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পড়শী-৩’ অ্যালবামের গানের ভিডিওচিত্র ধারণের জন্য বর্তমানে কলকাতা সফরে রয়েছে চ্যানেল আই ‘খুদে গানরাজ’খ্যাত কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। এটি তার তৃতীয় একক অ্যালবাম। এরই মধ্যে কয়েক দিন কলকাতার বিভিন্ন স্থানে গানটির ভিডিও চিত্র ধারণের শুটিংও হয়েছে। শুটিং শেষে কাল বৃহস্পতিবার পড়শীর দেশে ফেরার কথা। ‘জনম জনম’ গানটির ভিডিও পরিচালনা করছেন রম্য খান। ঈদুল ফিতরকে সামনে রেখে অ্যালবামটি প্রকাশিত হবে। অ্যালবামের ‘জনম জনম’ গানের শুটিংয়ের জন্য সহশিল্পী ইমরানসহ কয়েকজন সদস্যের একটি দল নিয়ে কলকাতায় অবস্থান করছে পড়শী।নতুন অ্যালবামের গানের ভিডিও প্রসঙ্গে পড়শী জানায়, ‘যত্ন নিয়ে নতুন অ্যালবামের গানের ভিডিওটি নির্মাণ করা হচ্ছে। গানের কথাগুলোও বেশ চমত্কার। আশা করছি, ভিডিওটি সবার পছন্দ হবে।’ পড়শী আরও জানিয়েছে, ‘পড়শী-৩’ অ্যালবামের সঙ্গেই ‘জনম জনম’ গানটির ভিডিও পাওয়া যাবে। তার নতুন এ অ্যালবামের গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার, অদিত, জুয়েল মোর্শেদ প্রমুখ।চ্যানেল আই খুদে গানরাজখ্যাত কণ্ঠশিল্পী পড়শী এবারের এসএসসি পরীক্ষায় রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল থেকে বাণিজ্য বিভাগে জিপিএ ৪.৯৪ পেয়েছে।