কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু
কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দন-১ প্রেক্ষাগৃহে গত শুক্রবার শুরু হলো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। তিন দিনের এ উৎসব উদ্বোধন করেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত উপহাইকমিশনার মাহবুব সালেহ, কলকাতায় উপহাইকমিশনার আবিদা ইসলাম এবং নন্দনের প্রধান নির্বাহী যাদব মণ্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শন করা হয় গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা ছবিটি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোরশেদুল ইসলাম, নুরুল আলম আতিক ও স্বপন আহমেদ। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে ভারতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।উৎসবের অন্য ছবিগুলো হলো: স্বপন আহমেদের লালটিপ, নুরুল আলম আতিকের ডুবসাঁতার, মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ, নাসির উদ্দীন ইউসুফের গেরিলা এবং মোরশেদুল ইসলামের দূরত্ব। সব কটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।