কাল শনিবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা। ছয় দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করা হবে কাল বিকেল পাঁচটায়। কলকাতার সংস্কৃতিকেন্দ্র রবীন্দ্র সদন চত্বরে আয়োজিত এই মেলায় যোগ দিচ্ছে বাংলাদেশের ৩৫টি প্রকাশনা সংস্থা। বইমেলা শেষ হবে ৩০ অক্টোবর।
গতকাল বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। এতে বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মাফরুহা সুলতানা। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক সহসভাপতি মাজহারুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বইমেলা উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি আনিসুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই বইমেলার সম্মিলিত আয়োজক কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।