কলকাতায় বাংলাদেশ বিজয় উৎসব উদ্যাপিত

কলকাতা মাতিয়ে গেলেন বাংলাদেশের শিল্পীরা। ১৫ ডিসেম্বর থেকে কলকাতায় উদ্যাপিত হয়েছে বাংলাদেশের বিজয় উৎসব। পাঁচ দিনব্যাপী আয়োজিত এই উৎসব শেষ হয়েছে গতকাল সোমবার রাতে।
এবারের বিজয় উৎসবে যোগ দিতে কলকাতায় উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের একঝাঁক শিল্পী। পাঁচ দিনের সাংস্কৃতিক সন্ধ্যায় তাঁরা যোগ দিয়েছিলেন কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের মঞ্চে। এবারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উৎসব উদ্বোধন করেছিলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
উৎসবে এবার এসেছিলেন সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, সাদি মহম্মদ, লিলি ইসলাম, ইয়াকুব আলী খান, এস আই টুটুল, গানের দল ফিডব্যাকসহ কুষ্টিয়ার সুফি–সংগীতের দল ভাবনগর। উৎসবে প্রদর্শিত হয়েছে সুবচন নাট্যসংসদের নাটক মহাজনের নাও।
এ ছাড়া বাংলাদেশের নাচের দল নৃত্যাঞ্চলও তাদের পরিবেশনা দিয়ে কলকাতাবাসীকে মাতিয়ে দেয়। এর নেতৃত্ব দেন শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। উৎসবে আরও যোগ দেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। উৎসবে দেখানো হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র এবং তথ্যচিত্র। বিজয় উৎসবকে ঘিরে আয়োজন করা হয়েছিল বাংলাদেশের পণ্যের এক মেলা।