কলকাতায় বিদ্রোহী কবিতার ৯০ বর্ষপূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় কলকাতার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের পূর্বশ্রী মিলনায়তনে ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ভারতের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত ও বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশের একটি সাংস্কৃতিক প্রতিনিধিদলও এতে অংশ নেয়।সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রকাশ জয়সওয়াল। আরও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম, নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রকাশ জয়সওয়াল বলেন, ‘নজরুলের কবিতা ছিল ভারত ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের অন্যতম হাতিয়ার। আর নজরুল ছিলেন ব্রিটিশবিরোধী এবং অসাম্প্রদায়িকতার এক মহান আদর্শ।’ অনুষ্ঠানে বাংলাদেশের অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে নজরুলের কবিতা ছিল মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার উৎস। আর বিদ্রোহী কবিতা হলো নজরুলের এক ঐতিহাসিক সৃষ্টি, যা আজ বিশ্বের স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা জোগায়।’ ৯০ বছর আগে কলকাতায় বসে এই কবিতা লিখেছিলেন বাংলাদেশের জাতীয় কবি নজরুল। লিখেছিলেন কলকাতার তালতলা লেনের একটি ভাড়াবাড়িতে অবস্থানকালীন, সেই ১৯২১-২২ সালের দিকে। তখন কবি নজরুল কলকাতার ওই বাড়িতে ছিলেন কমিউনিস্ট নেতা কমরেড মোজাফ্ফর আহমেদের সঙ্গে। সেখানেই বসে লেখেন বিদ্রোহী কবিতা।অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা সাংস্কৃতিক প্রতিনিধিদলের মধ্যে নজরুলসংগীত পরিবেশন করেন শিল্পী ফাতেমা-তুজ-জোহরা, ইয়াকুব আলি খান, ছন্দা চক্রবর্তী। আবৃত্তিতে অংশ নেন ঝর্ণা সরকার। নজরুলের বিদ্রোহী কবিতাকে নিয়ে রচিত নৃত্যনাট্যে অংশ নেন বাংলাদেশের ১০ নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেন কবিরুল ইসলাম।