কলকাতায় যাচ্ছে 'ওয়াটারনেস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াটারনেস-এর নৃত্য পরিচালনা করেছেন পূজা সেনগুপ্ত
ওয়াটারনেস-এর নৃত্য পরিচালনা করেছেন পূজা সেনগুপ্ত

রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মহাপ্রয়াণ বার্ষিকী উপলক্ষে ভারতের কলকাতার আইসিসিআরের সত্যজিৎ রায় মিলনায়তনে আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশের দল তুরঙ্গমীর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ড্যান্স থিয়েটার ওয়াটারনেস-এর প্রদর্শনী। এতে সহ-আয়োজক হিসেবে সম্পৃক্ত হয়েছে কলকাতার শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব কালচার ও ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আইসিসিআর)।
ওয়াটারনেস-এর এটি পঞ্চম প্রদর্শনী। এই প্রযোজনাটির পাণ্ডুলিপি লিখেছেন ভারতের ধীমান ভট্টাচার্য। সংগীত পরিচালনায় সুমন সরকার। এর মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনায় পূজা সেনগুপ্ত। প্রযোজনাটির নৃত্য ও অভিনয়ে আছেন পূজা সেনগুপ্ত, আতিক রহমান, আবু নাঈম, রিদিতা, ইয়াসনা, দাউদ, লিজা, তৃণা প্রমুখ। ওয়াটারনেস–এর এবারের প্রদর্শনীর পৃষ্ঠপোষক বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে এই প্রযোজনাটির মূল অনুপ্রেরণা কাদম্বরী দেবী। জল ও নারীর সম্পর্ক নিয়ে গবেষণাধর্মী ৪৫ মিনিটের এই প্রযোজনাটি বাংলা ও ইংরেজি ভাষায় তৈরি।