কলকাতায় শুটিংয়ে ব্যস্ত শাহেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাপতির শুটিংয়ে শাহেদ ও পরমব্রত
সেনাপতির শুটিংয়ে শাহেদ ও পরমব্রত

দেশের সীমা ছাড়িয়ে অভিনেতা শাহেদ শরীফ খান নাম লিখিয়েছেন টালিউডের ছবিতে। রিংগো ব্যানার্জি পরিচালিত ছবি সেনাপতিতে কাজ করছেন তিনি। এখন এই ছবির শুটিং করতেই ভারতের কলকাতার বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছেন তিনি। ২০ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হওয়া এই ছবির কাজ চলবে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।
সেনাপতি ছবিতে শাহেদ কাজ করছেন অ্যান্টি-হিরো চরিত্রে। তাঁর চরিত্রটির নাম ‘বিষ্ণু’। এই ছবিতে আরও অভিনয় করছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও রিয়া সেন। গতকাল মঙ্গলবার কলকাতার জোকা এলাকার নারায়ণ স্টুডিওতে হলো এই ছবির শুটিং। সেখান থেকেই মুঠোফোনে ছবির নির্মাতা রিংগো জানান, পয়লা বৈশাখ সামনে রেখে সেনাপতির কাজ এগিয়ে চলছে। নির্মাতার ইচ্ছা এপ্রিলে ছবিটি বাংলাদেশ ও কলকাতায় একযোগে মুক্তি দেওয়ার। তিনি বলেন, ‘সেনাপতি ছবির গল্পে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ছবিটি বাংলাদেশের দর্শকদের দেখানোর ইচ্ছা আমার অনেক।’
শুটিংয়ের ফাঁকে প্রথম আলোর সঙ্গে কথা বলেন শাহেদও। নিজের চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে এই ছবির চিত্রনাট্য এসেছিল অন্য একটি চরিত্রের জন্য। কিন্তু “বিষ্ণু” আমাকে দারুণভাবে প্রভাবিত করে। তাই নির্মাতাকে আমি অনুরোধ করি আমাকে যেন এই চরিত্রটি দেওয়া হয়। রিংগোদা আমাকে নিরাশ করেননি।’ শাহেদ জানান, ৫ অক্টোবরের মধ্যে শেষ হবে তাঁর অংশের শুটিং। এরপরই দেশে ফিরে আসবেন এই অভিনেতা।