কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে কলকাতায় প্রকাশিত হয়েছে বাংলাদেশি শিল্পী সমরজিত্ রায়ের রবীন্দ্রসংগীতের অডিও অ্যালবাম ‘রবিরঞ্জনী’। অ্যালবামে সমরজিত্ রায়ের সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন ভারতীয় শিল্পী শাশ্বতী সেনগুপ্ত। গতকাল রোববার কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত কবিপ্রণাম অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়, আবৃত্তিকার গৌরী ঘোষ, সংগীতশিল্পী অভিরূপ গুহঠাকুরতা, স্বপন বসু ও অনুসূয়া চৌধুরী আনুষ্ঠানিকভাবে ‘রবিরঞ্জনী’ অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন।অ্যালবামটি প্রকাশ করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান ভাবনা রেকর্ডস। অ্যালবামে মোট ১২টি গান আছে। এর মধ্যে নয়টি বাংলা এবং তিনটি হিন্দি।অ্যালবামে থাকা গানগুলোর শিরোনাম হলো—ভালো যদি বাস সখী, ও যে মানে না মানা, লক্ষ্মী যখন আসবে, অনেক দিয়েছ নাথ, কী করিলি মোহের ছলনে, আরো আরো প্রভু, মোরে বারে বারে, তুমি সন্ধ্যার মেঘমালা, তোমায় নতুন করে পাব বলে। হিন্দি শিরোনামগুলো হচ্ছে—তুম হি বসত হো, অব দি থোড়ি রাহি এবং সাঁঝ ভঈ উদিত ভয়ে। এ সম্পর্কে সমরজিত্ রায় বলেন, ‘আমি আসলে উচ্চাঙ্গসংগীতের শিল্পী। পাশাপাশি আধুনিক গানও করে থাকি। রাগভিত্তিক রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম প্রকাশের ইচ্ছে ছিল। বিশ্বকবির সার্ধশত জন্মবার্ষিকীতে এ ধরনের একটি অ্যালবাম প্রকাশ করতে পেরে খুবই ভালো লাগছে। আশা করছি আমার গাওয়া গানগুলো সবার ভালো লাগবে।